• মালদহ থেকে উদ্ধার টাকার পাহাড়! রাতভর পুলিশি অভিযান
    আজকাল | ০৩ আগস্ট ২০২৬
  • গোপাল সাহা: রাজ‍্যে ফের উদ্ধার বিপুল পরিমাণ টাকা। বীরভূমের পর মালদহের থানা এলাকা উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। রবিবার রাতে পুলিশি অভিযানের পর সোমবার ভোর পর্যন্ত চলল টাকা গণনার কাজ। এলাকায় উপস্থিত বিরাট পুলিশ বাহিনী।

    সূত্রের খবর, রবিবার রাতে মালদহের মঙ্গলবাড়ি এলাকায় একটি ফ্ল‍্যাটে অভিযান চালায় পুলিশ। সেই ফ্ল্যাটে ভাড়া থাকত পিন্টু সরকার নামে এক ব্যক্তি। তিনি ওষুধ ব‍্যবসায়ী। মূলত তার ফ্ল্যাট থেকে এই বিপুল টাকা উদ্ধার করেছে পুলিশ। টাকার পরিমাণ এত বেশি যে গণনা করতে মেশিন আনা হয়েছে। গণনা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফিও করা হয়েছে। ভোর ৪টে পর্যন্ত টাকা গণনা চলেছে। পাওয়া গিয়েছে ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা। এ ছাড়াও পুলিশ ২০ গ্রাম সোনা এবং একটি ল্যাপটপ উদ্ধার করেছে। তার পরেই তিন জনকে গ্রেফতার করা হয়।

    মালদহের খইহট্টা এলাকার একটি গুদামঘরেও গত রাতে হানা দিয়েছিল পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে ন’হাজার বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ ১৬ হাজার টাকা। জানা গিয়েছে, ওই সমস্ত সিরাপে নিষিদ্ধ মাদক ছিল।

    এ দিন সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর ও মালদহ থানার পুলিশকে সঙ্গে নিয়ে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এই অভিযান চালিয়েছে। এই চক্রের পেছনে আরও বড় মাথা রয়েছে বলে পুলিশ অনুমান করছে।

    উল্লেখ্য, গত ৫ জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রীপাড়া এলাকা থেকে  এক হাজার ১৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মালদহে এই বিপুল পরিমাণ টাকার হদিশ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। 
  • Link to this news (আজকাল)