• পিএসসি-র নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা
    আজকাল | ০৩ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) নতুন চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অনিল ভার্মাকে নিয়োগ করা হয়েছে। সোমবার, ৩ আগস্ট রাজ্য অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনি যে দিন থেকে দায়িত্ব গ্রহণ করবেন, সেই দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে। অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাত কুমার মিশ্রর স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তির কপি মুখ্যসচিব, রাজ্যপালের সচিব, পাবলিক সার্ভিস কমিশনের সচিব-সহ সংশ্লিষ্ট দপ্তরগুলিতে পাঠানো হয়েছে।

    এই বছর ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দেবল রায়কে নিয়োগ করেছিলেন প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। লোক ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে, ভারতের সংবিধানের ৩১৬ (১) অনুচ্ছেদ অনুসারে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যপদে একাধিক নিয়োগ করা হয়েছে। চেয়ারম্যানের পাশাপাশি কমিশনের সদস্য হিসাবে দেবাশিস ব্যানার্জি, দিগন্ত বাগচি এবং বর্ণালী মুখার্জিকে নিযুক্ত করা হয়েছিল। 

    অনিল ভার্মা পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৮৯ ব্যাচের একজন অবসরপ্রাপ্ত আইএএস। তিনি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগপ্রাপ্ত ছিলেন। নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ডিরেক্টর এবং পশ্চিমবঙ্গ মূল্যায়ন বোর্ডের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব। ৩৭ বছরের চাকরিজীবনে ২৭টি পদে কাজ করেছেন। ফরাসি ভাষায় পারদর্শী, অর্থনীতিতে স্নাতকোত্তর অনিল উত্তরপ্রদেশের বাসিন্দা।

    (বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)
  • Link to this news (আজকাল)