আজকাল ওয়েবডেস্ক: এবার দিঘার সমুদ্রতটের জন্যও চালু হল 'ড্রেস কোড'। দিঘায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্রস্নানের ক্ষেত্রে নতুন নির্দেশিকা আনার কথা জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জি। বিশেষত মেয়েদের জামাকাপড় পরার, মদ্যপান সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করা কথা ঘোষণা করা হয়েছে।
শনিবার দিঘা স্টেট জেনারেল হাসপাতালে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "সপ্তাহান্তে বিপুল সংখ্যক পর্যটক সমুদ্রে নামেন। অনেকেই শাড়ি বা সালোয়ার-কামিজ পরে স্নান করেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে স্যুইমস্যুট বা সমুদ্রস্নানের উপযোগী পোশাক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।" তবে শাড়ি বা সালোয়ার-কামিজ পরা নিষিদ্ধ করা হচ্ছে না বলেও তিনি স্পষ্ট করেন।
তিনি বলেন, "ভারতীয় সংস্কৃতি অনুযায়ী বেশ কিছু সুইমস্যুট পাওয়া যায় এখন। তবুও তাতে যদি কারও অসুবিধা হয়, শাড়ি, সালোয়ার-কামিজের রং-এ এমন কিছু পরিবর্তন আনতে হবে, যাতে তাকে চিহ্নিত করা যায়। সমুদ্র তটবর্তী এলাকায় মদ্যপান তামসিক দ্রব্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। তটবর্তী এলাকায় প্রচুর রেস্তোরাঁ রয়েছে, খাবারের দোকান রয়েছে সেখানে বার্ন কেয়ার ইউনিট খোলা হবে।"তিনি আরও জানান, পর্যটকদের মাথায় ফ্লুরোসেন্ট ক্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হবে। যাতে দূর থেকে সহজে শনাক্ত করা যায়। পাশাপাশি, সমুদ্রতটের প্রতি ১০০ মিটার অন্তর প্রশিক্ষিত বিশেষজ্ঞ মোতায়েন এবং পর্যটকদের জন্য আরও উন্নত লাইফগার্ডিং ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সমুদ্রে ডুবে মৃত্যুর ঘটনা রুখতেই সরকার এই পদক্ষেপ নিচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।