• দক্ষিণ কলকাতার বিলাসবহুল স্পা-এ এ কী কাণ্ড!
    আজকাল | ০৩ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: একটি স্পা-এ অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে বসবাসকারী এক থাইল্যান্ডের মহিলাকে আটক করেছে কলকাতা পুলিশ। পর্যটক ভিসা নিয়ে ভারতে এসে পাঁচ বছরেরও বেশি সময় ধরে থেকে যাওয়ার অভিযোগে সন্দেহভাজন ওই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কী উদ্দেশ্যে ওই মহিলা এত দিন ধরে ভারতে থাকছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

    রবিবার রাতে তিলজলা থানা এলাকায় শরৎ বোস রোডের বিলাসবহুল স্পা-এ হঠাৎ অভিযান চালায় পুলিশ। সেই সময় থাইল্যান্ডের নাগরিক ওই মহিলাকে আটক করেছে পুলিশ। আটক করার পর তাঁকে জেরা করা হয়। অভিযানের সময় তিনি কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেননি। এরপরে তাঁকে আটক করে টলিগঞ্জ মহিলা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময় তিনি থাইল্যান্ডের পাসপোর্ট দেখান। সেই পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়েছে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি। সবচেয়ে বড় বিষয় যে ট্যুরিস্ট ভিসায় তিনি ভারতে এসেছিলেন সেই ভিসার মেয়াদও শেষ হয়েছে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি। অর্থাৎ প্রায় দীর্ঘ সাড়ে পাঁচ বছর ধরে তিনি ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। মহিলা পুলিশ সদস্যদের সহায়তায় তাঁকে থানায় আনা হয়। নানা বিভাগ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। সোমবার, ৩ আগস্ট ওই মহিলাকে এফআরআরও কলকাতার বিভাগে হাজির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগ পর্যন্ত তাঁকে টলিগঞ্জ মহিলা থানার নিরাপদ হেফাজতে সিসিটিভির নজরদারিতে রাখা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 
  • Link to this news (আজকাল)