আজকাল ওয়েবডেস্ক: হঠাৎই বিতর্কে কবি জয় গোস্বামী। আর সেই সময়ে ফেসবুকে পোস্ট করলেন কবিপত্নী। উদ্বেগ প্রকাশ করলেন তিনি। সম্প্রতি তাঁকে ঘিরে সোশ্যাল মিডিয়া বা অন্যত্র যে বিতর্ক তৈরি হয়েছে তাই নিয়েই তিনি ফেসবুকে লিখলেন। জয় সম্প্রতি সংবাদমাধ্যমে একাধিক ক্রমে জানিয়েছেন, আগের সরকারের আমলে তিনি নানারকম কারণে সমস্যায় পড়েছেন। কেন তিনি লেখার দুনিয়া থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন সে কথাও তিনি বলেছিলেন। সব মিলিয়ে পরিস্থিতি খারাপ হয়েছিল। সেই কারণে, তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সমালোচনার মুখে পড়তে হয়। সম্ভবত সেই নিয়েই এবার প্রতিক্রিয়া দিলেন জয়ের স্ত্রী কাবেরী গোস্বামী।
ক্ষোভের প্রকাশে কাবেরী লিখেছেন, 'আপনারা কি জয়ের মৃত্যু চান? কিসে আপনাদের আত্মার শান্তি হবে। জয় যা করেছে বেশ করেছে, একজন কবিকে রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের।'
কাবেরী তার পরে পরেই আরও একটি পোস্ট করেছেন। তাতে লিখেছেন, 'আমার বাড়িতে কুমু আছে, সে একটি কুকুর, চারটে বেড়াল ও আছে, এদের মধ্যে যে গুণ আছে আমাদের নেই, তাই এদর নাম নিয়ে কাউকে গালাগালি দেব না, অনেক শয়তানকে বিদেয় করব, আমাকে কেউ কোন বন্ধুত্বর অনুরোধ পাঠাবেন না, জাহান্নামে যান। মন খুলে গালি দিন আমার কিস্যু যায় আসে না।'
এর আগে, ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন জয় গোস্বামী নিজেই। তিনি বলেন, 'প্রতিবাদ করে আয়ুক্ষয় করব? অল্পবয়সিদের তো বাঁচাতে পারব না।' সঙ্গেই তিনি বলেন, 'ক্রিকেট খেলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ একজন ব্যাটার কীভাবে বলটাকে টাইমিং করছেন সেটা শিক্ষণীয়। ব্যাটার কোন বলটা ছাড়ছেন, কোন বলটা মারছেন সেটাই সময়ের তাৎপর্যই আদর্শ।' তৃণমূল আমলের থ্রেট কালচারের দিকে ইঙ্গিতও দেন নিজের কথায়। বলেন, 'আমি মুদ্রণ জগৎ থেকে তিন বছর আগে নিজেকে সরিয়ে নিয়েছি। কেন এমন করলাম আমি, সেটা কেউ ভেবেছেন?' তারপরেই সামনে এল, জয়-পত্নীর সোশ্যাল মিডিয়া পোস্ট।