গোপাল সাহা: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাকিস্তানি জঙ্গি সংগঠনের প্রাণনাশের ছকের পর শহর কলকাতায় 'লরেন্স বিষ্ণোই গ্যাং' এর তৎপরতা! বলাবাহুল্য, শহর কলকাতা সহ রাজ্যে একের পর এক অপরাধের চক্রকে কলকাতা তথা ও রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ বানচাল করছে তাদের পরিকল্পনাকে। এবার শহর কলকাতার ভবানীপুরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছে ৫ কোটি টাকা দাবি এবং তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ।
ভবানীপুরের এই বাসিন্দার অভিযোগ, গত ৩০ জুন ২০২৬ থেকে তাঁর মোবাইল নম্বরে আন্তর্জাতিক নম্বর থেকে একাধিক ফোন এবং ভয়েস নোট আসছে। অভিযোগ অনুযায়ী, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা নিজেদের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য বলে পরিচয় দেয়। এরপর অভিযোগকারীর কাছে ৫ কোটি টাকা দাবি করা হয়। টাকা না দিলে অভিযোগকারী এবং তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ঘটনার পর আতঙ্কিত হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারী। আন্তর্জাতিক নম্বর থেকে আসা ফোন ও ভয়েস নোটগুলির সূত্র ধরে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযুক্তরা সত্যিই কোনও অপরাধী চক্রের সঙ্গে যুক্ত, নাকি লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগকারীর মোবাইল নম্বরে আসা কল, ভয়েস নোট এবং সংশ্লিষ্ট নম্বরগুলির তথ্য সংগ্রহ করে তদন্ত চালানো হচ্ছে। ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। এমনটাই জানিয়েছে লালবাজার পুলিশের গোয়েন্দা শাখা। পুলিশের দাবি খুব শীঘ্রই অপরাধীদের গ্রেপ্তার করা হবে।