• অভিষেক কি বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন? হাইকোর্টকে ডেডলাইন দিল সুপ্রিম কোর্ট
    আজ তক | ০৩ আগস্ট ২০২৬
  • চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই আবেদন আজ শুনেছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট শুনানিতে জানিয়েছে, কলকাতা হাইকোর্টকে মামলাটি এক সপ্তাহের মধ্যে শুনানি করতে হবে। দিতে হবে রায়। 

    আজকের শুনানিতে আভিষেকের বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, আপাতত এই মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। তবে কবে সেই মামলার শুনানি হবে, সেই দিন ধার্য করা হয়নি। তাই এই মামলায় নতুন করে অনুরোধ করেছে সুপ্রিম কোর্ট। তারা কলকাতা হাইকোর্টকে এক সপ্তাহের মধ্যে অভিষেকের আবেদন শুনতে বলেছে। দিতে বলা হয়েছে রায়। 

    অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা হচ্ছে কি না, সেই বিষয়টা মাত্র ৭ দিনের মধ্যেই জানা যাবে। তাঁকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না।
     অভিষেককে কটাক্ষ করলেন অগ্নিমিত্রা 
    অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। আর সেই আবেদনকেই কটাক্ষ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

    এই প্রসঙ্গে বিজেপি নেত্রী বলেন, 'উনি কি শুধু চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইছেন? নাকি এর পিছনে অন্য কোনও কারণও রয়েছে? আমরা তো বলেছি, ওঁর নিজের সাংসদ এলাকার মডেল অনুসরণ করেই ওঁর চিকিৎসার ব্যবস্থা করা হবে। যে কোনও সার্জারি লাগলে আমরা হাসপাতালের বেডের ব্যবস্থা করব, ভাল ডাক্তার দেব, ভাল ওষুধ দেব। টাকার সমস্যা থাকলে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধাও দেব।'

    কী হয়েছিল অভিষেকের?
    প্রসঙ্গত ২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদে একটি দলীয় কর্মসূচি সেরে কলকাতায় ফিরছিলেন অভিষেক। সেই সময় পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ওই দুর্ঘটনায় চোখের নীচে গুরুতর চোট পান। প্রথমে দেশের একাধিক হাসপাতালে চিকিৎসা হয় তাঁর। পরে বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করান তিনি।

    অবশ্য ২০২৬ সালে রাজ্যে পালা বদলের পরই অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন উঠে যায়। কলকাতা হাইকোর্ট তাঁকে এসএসকেএম হাসপাতালে গিয়ে চোখ দেখিয়ে রিপোর্ট দিতে বলেছিল। তারপরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। এই মামলারই আজ শুনানি করল সুপ্রিম কোর্ট। 

     
  • Link to this news (আজ তক)