• হাওড়ার বেলিলিয়াস রোডে জঙ্গি সন্দেহে পুলিশের জালে যুবক
    দৈনিক স্টেটসম্যান | ০৩ আগস্ট ২০২৬
  • হাওড়ায় জঙ্গি সন্দেহে পুলিশের জালে যুবক। ঘটনাটি হাওড়ার বেলিলিয়াস রোডের একটি পাঁচতলা আবাসনের। ওই আবাসনের তৃতীয় তলায় থাকতেন আদিত্য সিংহ। রবিবার মধ্যরাতে তাঁকে জঙ্গি-যোগের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে। ঘটনার খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলকাতার একটি কলেজের বি. কমের ছাত্র কীভাবে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হল, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে প্রতিবেশীদের মনে।

    জানা গিয়েছে, ওই আবাসনটি হাওড়া গোয়েন্দা দপ্তরের ঠিক উল্টো দিকে একটি সরু গলির মধ্যে অবস্থিত। গোটা ঘটনাটি জানাজানি হতেই আদিত্যের ফ্ল্যাটের সামনে ভিড় জমিয়েছেন এলাকার বাসিন্দারা। অনেকেই ঘটনার কথা শুনে বিস্ময় প্রকাশ করেন। তাঁদের দাবি, আদিত্যকে কখনও সন্দেহজনক কোনও কর্মকাণ্ডে জড়িত থাকতে দেখা যায়নি।

    আদিত্যের দিদিমা মীরা সিংহের দাবি, তাঁর নাতি কোনও অন্যায় কাজ করতে পারে না। তিনি বলেন, ‘বাড়িতে কখনও সন্দেহজনক কাউকে আসতে দেখেননি। কেন পুলিশ আদিত্যকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করল, তা এখনও পর্যন্ত তাঁর বোধগম্য নয়।’ মীরা সিংহ জানান, গত রবিবার গভীর রাতে ১৫ থেকে ২০ জন পুলিশকর্মী তাঁদের বাড়ি ঘিরে ফেলেন। এরপর ওইদিন মধ্যরাতে পুলিশ আদিত্যকে গ্রেপ্তার করে। বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করে পুলিশ।

    প্রতিবেশী বিনোদ জয়সওয়াল বলেন, ‘পরিবারটি অত্যন্ত ভদ্র। গত ৩৫-৪০ বছর ধরে ওঁরা এই ফ্ল্যাটে থাকেন। ছেলেটির মধ্যে কোনও দিন খারাপ কিছু দেখিনি। তবে পাড়ার সঙ্গে খুব একটা মেলামেশা করত না।’ এ দিকে আদিত্যের গ্রেপ্তারির পর সোমবার সকালে হাওড়া থানার পুলিশও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে বাড়িতে যায়। তদন্তকারীরা ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)