প্রশ্নফাঁস মামলা: এক সপ্তাহের মধ্যেই বদলি ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক
বর্তমান | ০৩ আগস্ট ২০২৬
নয়াদিল্লি: নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্র-যুব আন্দোলন তুঙ্গে উঠেছিল। প্রবল চাপের মুখে পরীক্ষার প্রশ্নফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের কথা ঘোষণা করেছিল কেন্দ্র। জুলাইয়ের শেষদিকে তৈরি হয় আদালত। কিন্তু সেই আদালত গঠনের এক সপ্তাহের মধ্যেই বদলি হয়ে গেলেন স্বয়ং বিচারকই। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ওই ফাস্ট ট্র্যাক কোর্টের কাজ শুরু হয়েছিল। বিশেষ বিচারক হিসাবে ছিলেন অনু গ্রোভার বালিগা। কিন্তু শনিবার দিল্লি হাইকোর্ট শনিবার ১৩৮ জন জুডিশিয়াল অফিসারের বদলির ঘোষণা করেছে। সেই তালিকায় নাম রয়েছে অনুর। তাঁকে এনআইএ আদালতে বদলি করা হয়েছে। অনুর জায়গায় এসেছেন। বিশেষ বিচারক অজয় গুপ্তা। তিনি এর আগেও নিটের প্রশ্ন ফাঁস সংক্রান্ত অন্য মামলার বিচারক ছিলেন।
শুরু থেকেই ফাস্ট ট্র্যাক আদালতের যাত্রাপথ মসৃণ হয়নি। গত ২৭ জুলাই ওই আদালতে অন্য একটি প্রশ্নফাঁস মামলার শুনানি হওয়ার কথা ছিল। সিবিআই ওই ঘটনার তদন্ত চালাচ্ছে। কিন্তু শুনানির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে হাজিরই হয়নি। সেদিন দুটি জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত অভিযুক্তদের আইনজীবীদের অনুরোধে শুনানি স্থগিত হয়ে যায়। আজ সোমবার ফের ওই মামলার শুনানি হওয়ার কথা। প্রথম শুনানিতে তদন্তকারী সংস্থার আইনজীবীর গরহাজিরা নিয়ে তীব্র কটাক্ষ করেছিল কংগ্রেস। প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে তারা বলেছিল, ‘সরকার এখন রিল তৈরিতে ব্যস্ত। ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের সুবিচার দেওয়ার মতো গুরুতর বিষয়ে গুরুত্ব দেওয়ার মতো অবস্থা সরকারের নেই।’