• বর্তমান-এর খবরের জের, বকেয়া মিটতে চলেছে উলুবেড়িয়া হাসপাতালের নিশ্চয় যান মালিকদের
    বর্তমান | ০৩ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: গত ডিসেম্বর মাস থেকে উলুবেড়িয়া মেডিকেল কলেজে চলা অ্যাম্বুলেন্সের ভাড়া বকেয়া পড়ে রয়েছে। গত ১৩ জুলাই এই বকেয়া বিল মেটানোর দাবিতে এমএসভিপির কাছে আবেদন জানিয়েছিল অল বেঙ্গল নিশ্চয় যান অ্যাম্বুলেন্স অপারেটার্স ইউনিয়ন। এই খবর ‘বর্তমান’-এ প্রকাশ হওয়ার পরেই এই সমস্যা মিটতে চলেছে জানা গিয়েছে। সূত্রের খবর, স্বাস্থ্যদপ্তর তাদের বকেয়া মেটানোর উদ্যোগ নিয়েছে। আশা করা যায়, চলতি সপ্তাহে বকেয়া ভাড়া পেয়ে যাবেন মালিকরা।

    সংস্থার রাজ্য সহ সভাপতি শেখ রাসেদুল রহমান বলেন, মূলত উলুবেড়িয়া এমএসভিপির উদ্যোগেই এই সমস্যার নিষ্পত্তি হতে চলেছে। তিনি বলেন, এর ফলে এই পেশার সঙ্গে যুক্ত চালক ও তাঁদের পরিবার নতুন করে আশার আলো দেখল। এই বিষয়ে হাসপাতালের এমএসভিপি অগ্নিহোত্রী ভট্টাচার্য বলেন, অ্যাম্বুলেন্সের বকেয়া ভাড়া নিয়ে সমস্যার কথা জানিয়ে আবেদন করেছিল ওই সংগঠন। সেইমত স্বাস্থ্যভবনকে বিষয়টি জানিয়েছিলাম। সমস্যার সমাধান হয়েছে।

    প্রসঙ্গত, গ্রামাঞ্চলের প্রসূতি মায়েদের বিনামূল্যে সরকারি হাসপাতালে নিয়ে আসা এবং নিয়ে যাওয়ার পাশাপাশি অন্যত্র স্থানান্তরিত করতে ২০১১ সালে রাজ্যজুড়ে চালু হয়েছিল নিশ্চয় যান প্রকল্প। এই প্রকল্প চালু হওয়ায় শিশু ও মাতৃ মৃত্যুর হার অনেকটাই কমেছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক প্রসবের হারও অনেকটা বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমানে নিশ্চয় যান নিয়ে নানা সমস্যায় ভুগছেন মালিকরা। এই সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগকে চিঠি দিয়েছিল অল বেঙ্গল নিশ্চয় যান অ্যাম্বুলেন্স অপারেটার্স ইউনিয়ন। তাদের বক্তব্য ছিল, দীর্ঘদিন কেটে গেলেও একটাকা ভাড়া বৃদ্ধি হয়নি। পাশাপাশি ভাড়ার বিলও দীর্ঘদিন বকেয়া পড়ে রয়েছে। সেকারণেই তারা ঊধ্বর্তন কর্তৃপক্ষকে চিঠি লিখেছিল।
  • Link to this news (বর্তমান)