অসমের পর প্রবল বন্যায় ভাসছে দক্ষিণের এই রাজ্যও, মৃত ১৫, নিখোঁজ একাধিক
বর্তমান | ০৩ আগস্ট ২০২৬
তিরুবন্তপুরম, ৩ আগস্ট: উত্তরের অসমের পর এবার দক্ষিণ। টানা ভারী বৃষ্টির জেরে ভাসছে কেরল। অতিরিক্ত বৃষ্টির জেরে বন্যা ও ভূমিধস পরিস্থিতিতে এ রাজ্যে মৃতের সংখ্যা প্রায় ১৫তে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত সাতজন। সোমবার রাজ্যের বন্যা পরিস্থিতি পর্যালোচনার পর সাংবাদিক বৈঠকে এ তথ্য জানান মুখ্যমন্ত্রী ভিডি সতীসন।
এদিন মুখ্যমন্ত্রী জানান, কোট্টায়াম জেলায় এখনও পর্যন্ত মোট তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পুঞ্জার বিধানসভা কেন্দ্রের দুই বাসিন্দা এবং একটি শিশু রয়েছে। এছাড়া এর্নাকুলামে দুইজন, ইদুক্কিতে একজন, মুভাট্টুপুঝায় একজন, কোল্লামে দুইজন, মালাপ্পুরমে চারজন, কন্নুরে একজন এবং কোঝিকোড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত সাতজন নিখোঁজ রয়েছেন। কোল্লামে দুইজন, কন্নুরে দুইজন, মালাপ্পুরমে একজন, ইদুক্কিতে একজন এবং মুভাট্টুপুঝায় একজনের সন্ধানে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।
সোমবার সকাল ৯টা পর্যন্ত রাজ্যজুড়ে মোট ৩১৬টি ত্রাণ শিবির চালু করা হয়েছে। এসব শিবিরে বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১১ হাজার ১৮ জন আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৩ ও ৬ আগস্ট কেরলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে ২ ও ৩ আগস্ট কেরল, কর্নাটক সহ কিছু উপকূলবর্তী এলাকায় মৎসজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া এবং উত্তাল সমুদ্রের সম্ভাবনা রয়েছে। এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস জানিয়েছে, উত্তর কেরল উপকূলে ২.৭ থেকে ৩.৫ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। তাই উপকূলবর্তী বাসিন্দা ও জেলেদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।