প্রথম নির্বাচনী লড়াইয়ে নেমেই বাজিমাত জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের ছেড়ে যাওয়া আসনে সাড়ে ৩ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ের পথে পিকে। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, সপ্তম দফার গণনা শেষে জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর পেয়েছেন ১৩,৫০০ ভোট। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নীরজ কুমার সিনহা পেয়েছেন ৯৬৮৯টি ভোট। আরজেডি প্রার্থী রেখা গুপ্তা ২৫৯৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন। ট্রেন্ড যে পথে তাতে বাঁকিপুর আসন থেকে পিকের জয় সময়ের অপেক্ষা।
গত এপ্রিল মাসে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। যার জেরে বাঁকিপুর কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন পড়ে। ৩০ জুলাই ভোটগ্রহণ এই কেন্দ্রে। তবে বাঁকিপুরে বিজেপির প্রার্থী নিয়েও একদফা নাটক চলে। মনোনয়ন জমা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টা পর অভিষেক বান্টিকে সরিয়ে এই কেন্দ্রে নীরজ কুমার সিনহাকে প্রার্থী করেছিল বিজেপি। তবে প্রার্থী বদলেও বিজেপির যে বিশেষ সুবিধা হয়নি তা ভোটের ফলেই স্পষ্ট।
উল্লেখ্য, বিহারের বাঁকিপুর কেন্দ্র বিজেপির কাছে মর্যাদার লড়াই। হাই-প্রোফাইল এই আসন বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি। আগে এটি পাটনা পশ্চিম বিধানসভা কেন্দ্র নামে পরিচিত ছিল। নবীনের বাবা কিশোর প্রসাদ সিনহা ১৯৯৫ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত একাধিকবার এই কেন্দ্রের বিধায়ক হন। তাঁর মৃত্যুর পর ২০০৬ সালে উপনির্বাচনে এখানে জয়ী হয়েছিলেন নীতীন। তার পর থেকে নীতীন ও বাঁকিপুর ছিল কার্যত সমার্থক শব্দ। এই অবস্থায় বাঁকিপুর ধরে রাখা ছিল বিজেপির কাছে অন্যতম চ্যালেঞ্জ। তবে নির্বাচন কমিশনের তথ্য বলছে, বিহারে বিজেপির দুর্ভেদ্য সেই ঘাঁটিতে ফাটল ধরিয়ে প্রথমবার নির্বাচনী লড়াইয়ে নেমে জয়ের পথে ভোটকুশলী প্রশান্ত কিশোর।