চোখের মণি স্ক্যান করে তবেই মিলবে রেশন? কাল থেকেই নতুন নিয়ম
বর্তমান | ০৩ আগস্ট ২০২৬
সংবাদদাতা, ময়নাগুড়ি: রেশন বিতরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত করতে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে স্মার্ট পিডিএস অ্যাপের মাধ্যমে রেশন বিতরণ ব্যবস্থা। একই সঙ্গে রেশন প্রদানের ক্ষেত্রে চালু হচ্ছে আইরিস বা চোখের মণি স্ক্যানের ব্যবস্থা। তবে কোনও উপভোক্তার আইরিস স্ক্যান সফল না হলে, সেক্ষেত্রে বিকল্প হিসেবে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ নিয়ে রেশন দেওয়া হবে। এমনটাই জানিয়ে দিল ময়নাগুড়ি খাদ্য দপ্তরের আধিকারীকরা।
এতদিন ই-পস মেশিনে উপভোক্তার আঙুলের ছাপ যাচাই করে রেশন বিতরণ করা হত। কিন্তু নতুন ব্যবস্থায় আইরিস স্ক্যানকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এর ফলে উপভোক্তাদের পরিচয় আরও নির্ভুলভাবে যাচাই করা সম্ভব হবে বলে খাদ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। সোমবার ময়নাগুড়ি খাদ্য দপ্তরের পক্ষ থেকে এই নতুন ব্যবস্থার কথা জানানো হয়। খাদ্য দপ্তরের এক আধিকারিক বলেন, 'স্মার্ট পিডিএস একটি নতুন অ্যাপ, যা ভারত সরকারের উদ্যোগে চালু করা হয়েছে। মঙ্গলবার থেকেই এই অ্যাপের মাধ্যমে রেশন বিতরণ শুরু হবে। তবে কোনও কারণে আইরিস স্ক্যান না হলে, উপভোক্তারা আগের মতোই বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন পাবেন।'
অন্যদিকে, পশ্চিমবঙ্গে রেশন বিতরণে আইরিস-ভিত্তিক বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করার রাজ্য সরকারের নির্দেশকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। গত ১৩ জুলাই রাজ্যের খাদ্যসচিব নির্দেশ দেন, রেশন পাওয়ার ক্ষেত্রে উপভোক্তার চোখের মণি (আইরিস) মিলিয়ে পরিচয় নিশ্চিত করতে হবে। তবে এই নির্দেশের সঙ্গে আধার আইনের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু কেন্দ্রীয় খাদ্যসচিব সঞ্জীব চোপড়ার সঙ্গে দেখা করে বিষয়টি তুলে ধরেন। তাঁর অভিযোগ, রাজ্যের এই নির্দেশের ফলে কেন্দ্রীয় প্রকল্পের আওতায় রেশন বিতরণে অযথা জটিলতা তৈরি হচ্ছে।
বিষয়টি পর্যালোচনা করে খাদ্যসচিব স্পষ্ট জানান, রেশন বিতরণে আধার আইনে যে বিধান রয়েছে, সেটিই কার্যকর হবে। অর্থাৎ পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আঙুলের ছাপই থাকবে প্রথম অগ্রাধিকার; আইরিস স্ক্যান বাধ্যতামূলক করা যাবে না। তিনি আরও জানান, এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারকে আধার আইনের প্রাসঙ্গিক বিধান সম্পর্কে অবহিত করা হবে। পাশাপাশি রাজ্যের স্মার্ট রেশন ব্যবস্থা নিয়ে আলোচনা করতে আগামী ৪ আগস্ট পশ্চিমবঙ্গ সফরে আসবেন কেন্দ্রীয় খাদ্যসচিব।