পরীক্ষা হলে রহস্যমৃত্যু এক ছাত্রের! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটার এক স্কুলে। কীভাবে মৃত্যু হল? সেই নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা। শোকস্তব্ধ স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে পরিজনরাও।
ঠিক কী হয়েছে ওই স্কুলে। আজ, সোমবার সপ্তম শ্রেণির ইংরাজি পরীক্ষা ছিল। নির্দিষ্ট সময় পরীক্ষাও শুরু হয়। বেলা ১২টা ৫০ মিনিটে ওই পরীক্ষা শেষের কথা ছিল। পিছন দিকের বেঞ্চে বসে পরীক্ষা দিচ্ছিল ওই বছর ১৩-এর পড়ুয়া। পরীক্ষা শেষের মিনিট ১৫ আগে ওই পড়ুয়া জ্ঞান হারিয়ে পড়ে যায়। আকস্মিক ওই ঘটনায় রীতিমতো হতবাক হয়ে যায় ওই ঘরের পরীক্ষার্থীরা ও গার্ডে থাকা শিক্ষক-শিক্ষিকা। প্রথমে ওই ছাত্রকে বেঞ্চে শুইয়ে চোখেমুখে জল দেওয়া হয়। কিন্তু জ্ঞান আসেনি ওই পড়ুয়ার। ততক্ষণে খবর দেওয়া হয় স্কুলের প্রধান শিক্ষক-সহ অন্যান্যদের।
দ্রুত ওই ছাত্রকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। খবর দেওয়া হয় ওই ছাত্রের পরিবারকেও। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করে। ততক্ষণে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন ওই পড়ুয়ার বাবা-মা। ছেলের মৃত্যুসংবাদ শুনে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁদের। ছেলের মৃতদেহ আঁকড়ে কান্নায় ঢোলে পড়ে পরিবার। অকস্মাৎ ঘটনায় হকবাক স্কুল কর্তৃপক্ষও। মৃত ছাত্রের বাবা-মা জানিয়েছেন, দিন কয়েক আগে ছেলের জ্বর হয়েছিল। ওষুধ খেয়ে সেই জ্বর কমেও যায়। আগের দিন পরীক্ষা দিতেও গিয়েছিল ছেলে। আজও সম্পূর্ণ সুস্থ অবস্থায় স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল।
১৩ বছরের এক কিশোর কীভাবে এমনভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে? সেই নিয়ে বাড়ছে রহস্য। দিনহাটা থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ বোঝা যাবে। সেই কথা পুলিশের তরফে জানানো হয়েছে।