• আজ শহরে চালু ১০ কিলো সিলিন্ডারের সংযোগ, চড়া দামেই কিনতে হবে গ্যাস
    বর্তমান | ০৩ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ সোমবার থেকে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় চালু হচ্ছে ১০ কেজির গ্যাস সিলিন্ডারের সংযোগ। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এদেশে গৃহস্থের নতুন রান্নার গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ। আবেদনের পরও দেওয়া হচ্ছে না উজ্জ্বলা যোজনার সংযোগও। কবে সেই সংযোগ দেওয়া শুরু হবে, তা এখনো জানায়নি পেট্রলিয়াম মন্ত্রক। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছিল, যাদের নতুন সংযোগ দরকার, অথচ পাচ্ছেন না, তাঁরা ১০ কেজির সিলিন্ডার কিনতে পারবেন। তবে গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডার যে দরে পাওয়া যায়, তার চেয়ে অনেক বেশি দরে কিনতে হবে এই গ্যাস। দেশের অন্যান্য বড়ো শহরগুলিতে সেই ব্যবস্থা চালু হলেও কলকাতায় এতদিন তা হয়নি। এবার তা চালু হতে চলেছে।

    সূত্রে খবর, কলকাতায় এই গ্যাসের নয়া সংযোগ নিতে হলে গ্রাহককে দিতে হবে ৪ হাজার ৮০৪ টাকা। এর সঙ্গে একটি ১০ কেজি গ্যাসযুক্ত রিফিলের (ফ্রি ট্রেড এলপিজি) দাম পড়বে ১ হাজার ৬১৮ টাকা। গ্রাহকদের একাংশের ক্ষোভ, পরিস্থিতির সুযোগ নিয়ে গ্রাহককে চড়া দামে গ্যাস কিনতে বাধ্য করছে কেন্দ্রীয় সরকার। কারণ, কলকাতায় যেখানে ১৪.২ কিলো সিলিন্ডারের দাম বর্তমানে ৯৬৮ টাকা, সেখানে মাত্র ১০ কিলো গ্যাসের দাম বাবদ যদি ১ হাজার ৬১৮ টাকা মেটাতে হয়, তাহলে তা যথেষ্ট কষ্টকর। তেল সংস্থাগুলি দাবি করেছে, এক্ষেত্রে গ্রাহক ফাইবারের সিলিন্ডার পাবেন, যা বহন করার ক্ষেত্রে হালকা এবং এখানে গ্রাহক দেখতে পাবেন, তিনি কতটা গ্যাস খরচ করছেন। আবেদনের পর অতিদ্রুত সংযোগ দেওয়া হবে গ্রাহককে। সেই কারণেই ইন্ডিয়ান অয়েলের তরফে এই নয়া গ্যাস সংযোগ প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘এক্সট্রা লাইট নাউ’। যেহেতু এই সিলিন্ডারগুলিতে সরকার কোনো ভরতুকি দিচ্ছে না, অর্থাৎ তা বাজার দরে কিনতে হচ্ছে, তাই যেকোনো গ্রাহক এই সিলিন্ডার কিনতে পারেন বলে জানানো হয়েছে। অর্থাৎ বণিজ্যিক কাজে যদি কেউ এই সিলিন্ডার ব্যবহার করতে চান, তাহলে তিনি তা করতে পারেন।
  • Link to this news (বর্তমান)