সাতসকালে মন্দিরবাজারে বাস দুর্ঘটনায় মৃত এক, আহত ১১
বর্তমান | ০৩ আগস্ট ২০২৬
সংবাদদাতা, বারুইপুর: রবিবার সাতসকালে মন্দিরবাজারে বাস দুর্ঘটনা। রাস্তায় একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই একটি বাস উল্টে যায়। ঘটনাটি ঘটেছে মন্দিরবাজার থানার ভগবতীপুরে রামগঙ্গা রোডে। এর ফলে মৃত্যু হয়েছে বাসের কন্ডাক্টরের। আহত হন ১১ জন যাত্রী। খবর পেয়ে মন্দিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয় বাসিন্দারা আহত যাত্রীদের কোনওক্রমে উদ্ধার করে স্থানীয় এক নার্সিংহোম ও নাইয়ারাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পুলিশ জানিয়েছে, মৃতের নাম খোকন সর্দার (৫৭)। আহত বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। তিনজন এখনও ভর্তি আছেন। আহতদের মধ্যে মহিলাযাত্রীও আছেন।
জানা গিয়েছে, ঢোলা জুমাই লস্করের হাট থেকে ৮৯ রুটের বেসরকারি বাসটি লক্ষ্মীকান্তপুরের দিকে আসছিল। তখন ভগবতীপুরে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা বলেন, বেহাল রাস্তার জন্য এই দুর্ঘটনা। এই রাস্তাতেও পিকআপ ভ্যান দ্রুতগতিতে চলে। এদিন দুধভর্তি একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে গর্তে পড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহত যাত্রীরা আর্তনাদ করে ওঠেন। এই দুর্ঘটনার জেরে রামগঙ্গা রোডে কিছু সময়ের জন্য গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বেসরকারি বাস সংগঠনের সম্পাদক আস্তিক প্রামাণিক বলেন, এই রাস্তায় আগেও দুর্ঘটনা হয়েছে। এদিন আমাদের এক শ্রমিকের মৃত্যু হল। পরিবার অসহায় হয়ে গেল। এই বেহাল রাস্তা অবিলম্বে প্রশাসনকে মেরামত করতে হবে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। নিজস্ব চিত্র