সংবাদদাতা, খড়্গপুর: ‘পুষ্পা’ সিনেমার কায়দায় অটোর মধ্যে আলাদা চেম্বার তৈরি করে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে ভিন জেলার এক যুবক। শনিবার গভীর রাতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সীমানাবর্তী এলাকায় গাঁজা পাচারকারীকে পাকড়াও করে সবং থানার পুলিশ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার কাছ থেকে প্রায় ৪৪ কেজি গাঁজা উদ্ধার হয়। ধৃতের নাম দীপঙ্কর বিশ্বাস। পুলিশ জানিয়েছে, ওই যুবকের বাড়ি উত্তর ২৪ পরগনায়। ওড়িশা থেকে সে গাঁজা নিয়ে আসছিল বলেও প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। রবিবার তাকে মেদিনীপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় তদন্তকারীরা। বিচারক সোমবার ফের ধৃতকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন।
দুষ্কর্ম রুখতে জেলার বিভিন্ন প্রান্তে নজরদারি বাড়িয়েছে জেলা পুলিশ। তাই ৬০ নং জাতীয় সড়ক ছেড়ে গ্রামীণ রাস্তা দিয়ে গাঁজা পাচারের ছক কষেছিল দীপঙ্কর নামে ওই যুবক। বড় গাড়ি নয়, দীপঙ্কর বেছে নিয়েছিল মালপত্র বহনকারী ছোটো অটো। শনিবার বিকেল ৩টা নাগাদ সবং থানার পুলিশের কাছে এই অটোর খবর পৌঁছায়। প্রস্তুত হয়ে যায় তারা। সেই সঙ্গে ওই অটোর উপরও নজর রাখার জন্য চর লাগিয়ে দেন সবং থানার ওসি সৌমিতেন্দু বেরা। বিকেল থেকে প্রায় ৬-৭ ঘণ্টা ধরে টহলের পর রাত্রি দশটায় পুলিশের জালে পড়ে নীল রঙের ওই অটো।