নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিনব ভাবনায় পরপর ছিনতাই। রাস্তায় পড়ে থাকা বাইক চুরি করে তাতে চেপে ছিনতাই। হরিদেবপুর, বেহালা, ওয়াটগঞ্জ, যাদবপুর মিলিয়ে দক্ষিণ কলকাতায় মোট ৬টি ছিনতাইয়ে অভিযুক্তকে শেষমেশ গ্রেপ্তার করল পুলিশ। শনিবার রাতে হরিদেবপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সঞ্জু দাসকে। তাকে এদিন আলিপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, আশ্চর্য পরিকল্পনার ভিত্তিতে ছিনতাই করত সঞ্জু। পুলিশি জেরায় অভিযুক্ত জানিয়েছে, প্রথমে সে একটি সাইকেল চুরি করেছিল। সেটি নিয়েই ছিনতাইয়ের সুযোগ খুঁজত সে। কিন্তু, সাইকেল নিয়ে চম্পট দিলে ধরা পড়ার সম্ভাবনা থাকে। বাইক চুরি করতে শুরু করে অভিযুক্ত। এরপর থেকেই শুরু হয় ছিনতাই। অভিযুক্ত হরিদেবপুর এলাকারই বাসিন্দা। হরিদেবপুরে থেকেই প্রথমে একটি বাইক চুরি করে। তাতে চেপেই এক ব্যক্তির থেকে মোবাইল ছিনতাই করে সঞ্জু। একটি চোরাই বাইকে চেপে একবারই ছিনতাই করত সে। তাতে পুলিশের হাতে ধরা পড়ার ভয় নেই। ছিনতাইয়ের পর ঘটনাস্থল থেকে এক কিমি দূরে ওই বাইক ফেলে পায়ে হেঁটে বাড়ি ফিরত অভিযুক্ত। এভাবেই চলত ছিনতাই। শনিবার রাতে চোরাই বাইকে চেপে ছিনতাইয়ের সুযোগ খুঁজছিল সে। নাকা চেকিংয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।