নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে নতুন চেয়ারম্যান পেল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। সোমবার রাজ্যের অর্থ দপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অনিল ভার্মা। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনিল ভার্মা যেদিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন, সেদিন থেকেই তাঁর নিয়োগ কার্যকর হবে এমনটাই স্পষ্ট করা হয়েছে।
অনিল ভার্মা উত্তর প্রদেশের বাসিন্দা। তিনি ১৯৮৯ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস আধিকারিক। তিনি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সরাসরি ভারতীয় প্রশাসনিক পরিষেবায় যোগদান করেন। তিনি নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ডিরেক্টর জেনারেল হিসাবে গুরুদায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গ ভ্যালুয়েশন বোর্ডের চেয়ারম্যান হিসাবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে মোট ২৭টি পদে তিনি কাজ করেছেন। তাঁর রয়েছে ৩৭ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা।
উল্লেখ্য, বিগত সরকারের সময় নিযুক্ত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আমলা দেবল রায় নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরেই পদত্যাগ করেন। বেশ কিছু মাস ধরে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদটি খালি ছিল। এতে বিভিন্ন সমস্যার সম্মুখিনও হতে হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে। এনিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছিল সরকারি কর্মীদের বিজেপি প্রভাবিত একটি সংগঠন। সেই চিঠিতে তাঁরা জানিয়েছিল, পিএসসিতে কোনো চেয়ারম্যান না থাকার জন্য কিছু সরকারি কর্মী তাঁদের প্রাপ্য পদোন্নতি ছাড়াই অবসর নিচ্ছেন। অবশেষে আজ সব জট কাটিয়ে নতুন চেয়ারম্যান পেল কমিশন।