• খেলার উন্নতিতে প্রায় ৪০০০০ কোটি বরাদ্দ, মোদি সরকারের সিদ্ধান্তে উচ্ছ্বসিত বাংলার ক্রীড়ামন্ত্রী
    প্রতিদিন | ০৩ আগস্ট ২০২৬
  • দেশে খেলাধুলার উন্নতিতে আকাশছোঁয়া অর্থ বরাদ্দ করতে সম্মত হয়েছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্যাবিনেট মিটিংয়ে সবমিলিয়ে ৩৬,৪৪১ কোটি টাকা ভারতীয় ক্রীড়াক্ষেত্রে খরচের অনুমোদন দেওয়া হয়েছে। মূলত খেলো ইন্ডিয়া এবং বিভিন্ন জাতীয় ক্রীড়া সংস্থার উন্নতিতে এই অর্থ খরচ করা হবে আগামী পাঁচ আর্থিক বছরে। এই বিপুল কেন্দ্রীয় বরাদ্দে খুশি বাংলার ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

    সম্প্রতি রাজ্যে খেলাধূলার উন্নতিতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়াদপ্তর। এর মধ্যে রাজ্যে একশোটি ইন্ডোর স্টেডিয়াম, বিভিন্ন স্কুল-কলেজে ক্রীড়া পরিকাঠামো তৈরিতে অর্থ বরাদ্দ, বিভিন্ন প্রতিযোগিতায় পদকজয়ীদের আর্থিক সাহায্যের মতো বিষয় রয়েছে। এই পরিস্থিতিতে বিপুল কেন্দ্রীয় বরাদ্দের সিদ্ধান্তে আশার আলো দেখছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। সাই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী যেভাবে ক্রীড়া ও ক্রীড়াবিদদের উৎসাহ দেন, সেজন্য তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ। ২০৩০ সালে কমনওয়েলথ গেমস ও ২০৩৬ সালে অলিম্পিক আয়োজনের জন্য আমরা প্রস্তুতি হচ্ছি। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের ক্রীড়াবিদরা আরও বেশি পদক জিতছে।”

    বাংলার ক্রীড়ামন্ত্রী আরও বলেন, “এই পরিস্থিতিতে খেলো ইন্ডিয়ার মাধ্যমে ক্রীড়াবিদদের পরবর্তী প্রজন্মকে তুলে আনার পরিকল্পনা বেশ কার্যকর হবে বলেই আমি আশাবাদী। তৃণমূল স্তর থেকে তুলে এনে তাঁদের পেশাদার স্তরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় কোচিং, পুষ্টি এবং অভিজ্ঞতা পেতে সাহায্য করছে এই পরিকল্পনা। কেন্দ্রীয় সরকারের এমন সাহায্য এবং এই বিপুল অর্থ বরাদ্দের ফলে এদেশের ক্রীড়াবিদরা উপকৃত হবেন।” পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নেওয়া ‘নেশা মুক্ত ভারত’ উদ্যোগেরও প্রশংসা করেছেন বাংলার ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল।

    উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে ক্রীড়াক্ষেত্রে একাধিক ইস্যুতে সমস্যা তৈরি হয়েছিল বলে অভিযোগ। বাংলায় ক্রীড়া প্রকল্প গড়তে চেয়েছিল সাই। ২০০ কোটি টাকার ক্রীড়া প্রকল্প গড়তে জমি দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এমনটাই অভিযোগ। খেলো ইন্ডিয়া প্রকল্পের সুবিধাও আটকে দেওয়া হয়েছিল। এবার বাংলার ক্রীড়াক্ষেত্রে আরও উন্নতির আশায় ক্রীড়ামন্ত্রী।
  • Link to this news (প্রতিদিন)