'সৃজিতের সঙ্গে আমার স্বামী-স্ত্রীর সম্পর্ক...,' পরিচালকের সঙ্গে ভুল বোঝাবুঝি নিয়ে কী বললেন যিশু সেনগুপ্ত
আজকাল | ০৩ আগস্ট ২০২৬
সাম্প্রতিককালে পরিচালক সৃজিত মুখার্জির ছবিতে খলনায়কের চরিত্রে যিশু সেনগুপ্ত। 'জুলফিকর', 'রাজকাহিনী' থেকে 'দশম অবতার' সবেতেই 'ভিলেন' যিশু। কিন্তু সৃজিতের আগামী ছবি 'কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ'-এ কোন চরিত্রে থাকছেন অভিনেতা? ছবির মহরতে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে যিশুর কথায় উঠে এল সৃজিতের সঙ্গে পুরনো মান-অভিমান।
যিশু জানান, একটা সময় তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। মাঝে দেড়-দু'বছর কথা পর্যন্ত নাকি হয়নি। তবে সেসব মিটে গিয়েছে। যিশুর কথায়, "স্বামী-স্ত্রীর মধ্যে এরকম একটু হয়। এখন আমি আর সৃজিত স্বামী-স্ত্রীর উর্দ্ধে চলে গিয়েছি। এখন দু'জন দু'জনকে ছাড় দিয়ে রেখেছি। আর এই ছাড় থেকেই বোধহয় আমাদের আগামী ছবিটা হচ্ছে।"
সৃজিতের ছবিতে কি এবার নায়কের চরিত্রে থাকবেন যিশু? অভিনেতার কথায়, "এতদিন ওর পরিচালনায় ভিলেনের চরিত্রে অভিনয় করেছি। আমার মনে হয় না সৃজিত আমাকে নায়কের চরিত্রে কাস্ট করবে বলে। এবার দেখা যাক কী হয়।"
প্রসঙ্গত, সৃজিতের পরিচালনায় আসছে 'কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ'। এই ছবিতে মুখ্য চরিত্রে ইধিকা। সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন যিশু সেনগুপ্ত, টোটা রায়চৌধুরী, অনুজয় চ্যাটার্জি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ইধিকার লুক। দেখা যাচ্ছে পরিচালক সৃজিত মুখার্জি নায়িকাকে ক্রিকেটের স্ট্রোক শেখাচ্ছেন। যদিও এর থেকে বেশি কিছু খোলসা হয়নি নায়িকার চরিত্রটি নিয়ে। তবে পর্দায় মহিলা ক্রিকেটারের ভূমিকায় যে দেখা যাবে তাঁকে তা স্পষ্ট। এদিকে, সৃজিতকে নিয়ে করা যিশুর ওই মন্তব্য ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। রীতিমতো তা এখন ভাইরাল।