• ইমন চক্রবর্তীর সঞ্চালনায় আসছে ‘কর্মা ক্লিনিক’
    এই সময় | ০৩ আগস্ট ২০২৬
  • মানুষের জীবনে এমন অনেক প্রশ্ন থাকে, যার উত্তর সব সময় যুক্তি বা বিজ্ঞানের গণ্ডিতে খুঁজে পাওয়া যায় না। কখনও দীর্ঘদিনের অসুস্থতা, কখনও সম্পর্কের টানাপড়েন, আবার কখনও একের পর এক দুর্ভাগ্য— এই সব অভিজ্ঞতার ব্যাখ্যা খুঁজতেই তৈরি হয়েছে নতুন নন-ফিকশন সিরিজ় ‘কর্মা ক্লিনিক’। ১০ পর্বের এই সিরিজ়ের সঞ্চালনায় রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। এই সিরিজ়ে উঠে আসবে সাধারণ মানুষের বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা।

    প্রতিটি পর্বে এমন কিছু মানুষের গল্প তুলে ধরা হবে, যাঁরা দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবনের নানা সঙ্কট, ক্ষতি, বিশ্বাসঘাতকতা কিংবা অজানা সমস্যার মুখোমুখি হয়েছেন। সেই অভিজ্ঞতাগুলির বিভিন্ন দিক বিশ্লেষণ করবেন জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তু ও পাস্ট লাইফ রিগ্রেশনের মতো বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা। তাঁদের প্রত্যেকের ব্যাখ্যা এবং মতামতের মাধ্যমে ঘটনাগুলিকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করা হবে।

    সিরিজ়ে ইমন চক্রবর্তীর সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে থাকছেন সনাতনী জ্যোতিষী অসীম দাস, অ্যাস্ট্রো-বাস্তু বিশেষজ্ঞ সুপর্ণা পাল যাদব, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট মঞ্জরি আগরওয়াল এবং কেপি অ্যাস্ট্রোলজার ও নিউমেরোলজিস্ট বাসব বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কয়েকটি বিশেষ পর্বে অতিথি হিসেবে দেখা যাবে সমাজকর্মী ও কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। তাঁরা নিজেদের জীবনের অভিজ্ঞতাও ভাগ করে নেবেন দর্শকদের সঙ্গে।

    নতুন এই উদ্যোগ নিয়ে ইমন চক্রবর্তী বলেন, ‘‘কর্মা ক্লিনিক’ কোনও অলৌকিক সমাধানের গল্প নয়। এখানে মানুষের কথা বিচার না করে শোনা হয়, কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হয় এবং বহুদিন ধরে বয়ে বেড়ানো অভিজ্ঞতাগুলিকে নতুন ভাবে ভাবার চেষ্টা করা হয়। এই যাত্রার অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত। প্রতিটি গল্প আমাকে গভীর ভাবে স্পর্শ করেছে। আমার বিশ্বাস, দর্শকরাও অংশগ্রহণকারীদের সততা এবং আবেগের সঙ্গে নিজেদের সংযোগ খুঁজে পাবেন।’

    নির্মাতাদের দাবি, এই সিরিজ় কোনও চূড়ান্ত উত্তর দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। বরং জীবনের জটিল অভিজ্ঞতাগুলিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দেয়। আলোচনার মাধ্যমে আত্মবিশ্লেষণ এবং অমীমাংসিত প্রশ্ন নিয়ে নতুন করে ভাবার একটি পরিসর তৈরি করাই এই সিরিজ়ের মূল উদ্দেশ্য। অগস্টের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই ১০ পর্বের সিরিজ় প্রতি সপ্তাহে শনিবার দু’টি করে নতুন পর্ব মুক্তি পাবে ‘হইচই’-এ। এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শেষ হবে সম্প্রচার।
  • Link to this news (এই সময়)