'বাবার সম্পত্তি আমার, নাতির কেন?', রাগে জ্বলে নিজে হাতে দুই বছরের সন্তানকে গলা টিপে মারল বাবা!
News18 বাংলা | ০৩ আগস্ট ২০২৬
সম্পত্তি হাতানোর জন্য দুই বছরের সন্তানকে গলা টিপে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। বসিরহাট জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত আড়বেড়িয়া এলাকায় চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক একটি ঘটনায় দুই বছরের শিশুপুত্রকে গলা টিপে খুন করার অভিযোগ উঠেছে তারই বাবা প্রসেনজিৎ সরকারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোক ও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের অভিযোগ, প্রসেনজিৎ সরকার দীর্ঘদিন ধরেই অতিরিক্ত মদ্যপানে আসক্ত ছিলেন। শুধু মদ্যপানই নয়, নিয়মিত জুয়াও খেলতেন তিনি। অভিযোগ, সেই জুয়ার নেশায় ইতিমধ্যেই পরিবারের অনেক সম্পত্তি বিক্রি করে দিয়েছিলেন প্রসেনজিৎ।
পরিবারের দাবি, ছেলের এই বেপরোয়া জীবনযাপনের কারণে প্রসেনজিতের বাবা আর তার নামে সম্পত্তি লিখে দিতে চাননি। পরিবর্তে পরিবারের সমস্ত সম্পত্তি তিনি নিজের নাতি, মাত্র দুই বছরের অরিজিৎ সরকারের নামে লিখে দেন। অভিযোগ, ওই সম্পত্তি নিজের দখলে আনার উদ্দেশেই প্রসেনজিৎ সরকার নিজের দুই বছরের ছেলে অরিজিৎ সরকারকে গলা টিপে খুন করেন। এমন অভিযোগ সামনে আসতেই এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্তম্ভিত স্থানীয় মানুষও। ঘটনার খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। তদন্ত শেষেই মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার আসল সত্য সামনে আসবে।