• হঠাৎ 'ধপ' করে আওয়াজ...! নিমেষে হাওয়া মাঝবয়সী ব্যক্তি, কী দেখে হাত-পা ঠান্ডা হয়ে গেল যুবকের?
    News18 বাংলা | ০৩ আগস্ট ২০২৬
  • কানা দামোদরের উপর কংক্রিটের রেলিং বিহীন ব্রিজ থেকে পড়ে নিখোঁজ ব্যক্তি! ঘটনার প্রায় ১৬-১৭ ঘণ্টা পরেও খোঁজ নেই তাঁর। দামোদরের এই শাখা নদী,  পলি জমে প্রায় মজে গিয়েছে। মৃতপ্রায় এই নদীতে সারা বছর সরু খালের মতো জল বয়। তবে এই বর্ষায় জলের স্রোত কিছুটা বাড়ে। হঠাৎ রবিবার রাতে সেই নদীর ওপরে নির্মিত রেলিংহীন ব্রিজ থেকে জলে পড়ে নিখোঁজ হয়ে গিয়েছেন ওই মাঝ বয়সী ব্যাক্তি।

    হাওড়া’র ইসলামপুর সরোগারচক গ্রামের ঘটনা। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। রবিবার রাত দশটা নাগাদ কংক্রিটের ব্রিজ পেরিয়ে বাড়ি ফিরছিলেন স্থানীয় এক যুবক। সেই সময় ব্রিজের ওপর ফোন হাতে বসে ছিলেন ওই ব্যক্তি। যুবক কয়েক পা এগিয়ে যেতেই ব্রিজ থেকে জলে পড়ার শব্দ শুনেই পিছন ফিরে তাকান। তখন দেখেন জলের স্রোতে ভেসে যাচ্ছেন ওই ব্যক্তি। স্থানীয়দের ডাক দিয়ে, সাত-পাঁচ না ভেবে ব্যক্তিকে উদ্ধার করতে রাতের অন্ধকারেই জলে নেমে পড়ে ওই যুবক।

    কিন্তু আপ্রাণ চেষ্টা করেও জল থেকে ব্যক্তিকে তুলে আনা সম্ভব হয়নি। এরমধ্যে স্থানীয় মানুষ এসে হাজির হযন। কিন্তু ততক্ষণে ব্যক্তি জলে তলিয়ে যান। স্থানীয় বেশ কয়েকজন মানুষ নামেন উদ্ধার করতে। কিন্তু খোঁজ মেলেনি। তারপর বিভিন্ন ভাবে খোঁজ শুরু হয়, জাল নামানো হয়। কিন্তু জলে পড়ে যাওয়া ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।

    ঘটনার পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে জগৎবল্লভপুর এবং পাঁচলা উভয় থানার পুলিশ এসে পৌঁছয়। তবে রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও হদিশ মেলেনি। সোমবার সকাল হতেই জলাশয়ের পাড়ে অগণিত মানুষের ভিড় দেখা যায়। বিপর্যয় মোকাবিলা দলও নামে উদ্ধার কাজে। শেষ পাওয়া খবর অনুযায়ী, দীর্ঘ সময় খোঁজার পরেও ওই ব্যক্তির কোনও হদিস মেলেনি।
  • Link to this news (News18 বাংলা)