ভরদুপুরে চুঁচুড়া স্টেশনে সাংঘাতিক ঘটনা। অভিযোগ, লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু এক যাত্রীর। সোমবার এই ঘটনা ঘটে। ব্যান্ডেল জিআরপি সূত্রে খবর, চুঁচুড়া স্টেশনে এ দিন দুপুরে এক যাত্রী ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে রেল লাইন পার হয়ে ২ নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছিলেন। সেই সময়ে ১ নম্বর ডাউন লাইনে একটি মেল ট্রেন আসছিল। ওই ব্যক্তি বিপদ বুঝে প্ল্যাটফর্মে উঠতে গেলে পারেননি। পড়ে যান।
ততক্ষণে ট্রেন ঢুকে পড়ে। তার পরেই মর্মান্তিক ঘটনা ঘটে। সূত্রের খবর, ট্রেনের ধাক্কায় তাঁর পিঠের ব্যাগ ছিটকে পরে। চশমা, জুতোও ছিটকে যায় রেল লাইনে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যাত্রীর।
মৃত ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে রেল পুলিশ। তাঁর ব্যাগ থেকে একটি লগবুক উদ্ধার হয়েছে। তা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা তিনি। মনে করা হচ্ছে ওই ব্যক্তি দুর্গাপুরের একটি সংস্থায় কাজ করতেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
রেলের তরফে বার বারই সতর্ক করা হয়, কোনও পরিস্থিতিতেই যাত্রীরা যেন লাইন পারাপার না করেন। তার পরেও অনেক ক্ষেত্রেই যাত্রীদের ট্রেন ধরার তাড়াহুড়োয় এমন নিয়ম ভাঙার ঘটনা ঘটে। কখনও কখনও তার মূল্য চোকাতে হয় জীবন দিয়ে।