আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার দু' বছর পূর্ণ হতে আর দিন ছয়েক বাকি। ঘটনার তদন্ত কিন্তু এখনও শেষ হয়নি। সোমবার এই ঘটনার তদন্তে ফের আরজি কর হাসপাতালে হাজির হয় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। পাঁচজনের একটি টিম এ দিন হাসপাতালে বিভিন্ন অংশ ঘুরে দেখে বলে সূত্রের খবর।
গত সপ্তাহে শিয়ালদহ আদালতে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। তদন্ত শেষ করতে আরও কিছুটা সময় লাগবে বলে আদালতে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি বিশেষ তদন্তকারী টিমের দায়িত্বভার নিয়েছেন সন্দীপনি গর্গ। গত ৩০ জুলাই নতুন তদন্তকারী অফিসার হিসেবে শিয়ালদহ আদালতে হাজির হন তিনি। আদালত চত্বরে তিনি নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলেন এবং তদন্তের উপর আস্থা রাখতে অনুরোধ করেন।
এ দিন সিটের হাসপাতাল পরিদর্শন সম্পর্কে আরজি কর হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেন, ‘সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল হাসপাতালে এসেছেন। ওঁদের টিমে পাঁচজন আছেন। ওঁরা জরুরি বিভাগে গিয়েছিলেন যান। এইটুকুই বলতে পারব।’ তবে তদন্ত নিয়ে এ দিন সংবাদমাধ্যমের সামনে কিছু বলেননি সিবিআই আধিকারিকরা।
ইতিমধ্যেই পুরোনো টিমের তদন্তের নথি নতুন টিমকে হস্তান্তর করা হয়েছে। নির্যাতিতার পরিবারের তরফে একাধিক জনকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন টিমকে আবেদনও জানানো হয়েছে। মৃত্যুর আগে তরুণী ডাক্তারের সঙ্গে যাঁরা কথা বলেছিলেন, পোস্ট মর্টেমের দায়িত্বে যে ফরেন্সিক চিকিৎসকরা ছিলেন, তাঁদের ভূমিকা খতিয়ে দেখতে বলা হয়েছে। সমস্ত দিকই খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সিবিআইয়ের নতুন টিম।