• পড়ুয়াদের বইমুখী করতে স্কুলে গড়ে উঠবে বুক কর্নার
    আজকাল | ০৪ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: স্মার্টফোনের যুগে স্কুল পড়ুয়াদের বইয়ের প্রতি আগ্রহ কমেছে আগেই। এ বার তাঁদের বইমুখী করতে উদ্যোগ রাজ্য সরকারের। এই মর্মে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার-পোষিত স্কুলে লাইব্রেরি ও রিডিং কর্নার গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

    নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সমস্ত বিদ্যালয়ে স্কুল লাইব্রেরি গঠন করার কথা বলা হয়েছে। যে সমস্ত বিদ্যালয়ে এখনও লাইব্রেরি নেই, সেখানেও এ বার লাইব্রেরি গঠন করতে হবে। পাশাপাশি, যে সমস্ত স্কুলে যথাযথ পরিকাঠামো বা জায়গা রয়েছে, সেই স্কুল প্রাঙ্গনে বা ক্লাসরুমে গড়ে তুলতে হবে 'রিডিং কর্নার'।

    লাইব্রেরি বা 'রিডিং কর্নার'-এ কোন কোন কোন বই রাখতে হবে, তা-ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে নয়া বিজ্ঞপ্তিতে। পড়ুয়াদের বয়স অনুযায়ী, গল্পের বই, শিশু সাহিত্য, সহায়িকা বই, দ্বিভাষিক বই, মানচিত্র, বিশ্বকোষ, বিজ্ঞান ও গণিত, বিখ্যাত ব্যক্তিদের জীবনী, ঐতিহ্য, পরিবেশ, সংস্কৃতি বিষয়েও নানা শিক্ষামূলক বইও রাখার কথা জানানো হয়েছে স্কুলগুলিকে।

    তবে এ জন্য স্কুলগুলির জন্য সরকারি তরফে আলাদা কোনও বরাদ্দের কথা জানানো হয়নি। বরং লাইব্রেরি বা বুক কর্নারের বইগুলির জন্য স্কুলের গ্রান্ট, শিক্ষক, অভিভাবক, প্রাক্তন পড়ুয়াদের সাহায্য চাওয়ার জন্য আবেদন জানাতে বলা হয়েছি। পাশাপাশি, বুক ডোনেশন ড্রাইভ এবং বিভিন্ন সংস্থার সহযোগিতার নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    নির্দেশিকায় বলা হয়েছে, শিশুদের পড়াশোনার পাশাপাশি সার্বিক মানসিক বিকাশের জন্য বই পড়া অত্যন্ত জরুরি। জাতীয় শিক্ষানীতি ২০২০ ছোটদের বই পড়ার অভ্যাস তৈরিতে জোর দিচ্ছে। শিশুদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি, শব্দভান্ডার বৃদ্ধি, কল্পনা শক্তির বিকাশ, ভাষার দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতা বৃদ্ধির জন্য বই পড়া একান্ত প্রয়োজনীয়। আর তাই স্কুলস্তর এই অভ্যেস গড়ে তোলার জন্য এই সরকারি উদ্যোগের ঘোষণা।

    সেই উদ্দেশ্যে স্কুলে নিয়মিত রিডিং আওয়ার, গল্প বলা, বই আলোচনা, কবিতা আবৃত্তি, কুইজ, সৃজনশীল লেখা, রোল-প্লে, লাইব্রেরি দিবস, ওয়াল ম্যাগাজিনসহ বিভিন্ন কার্যক্রম আয়োজন করতে বলা হয়েছে সরকারি নির্দেশিকায়। পাশাপাশি, পড়ুয়াদের নিয়মিত বই ইস্যু ও ফেরতের রেকর্ড রাখতে হবে। পাশাপাশি, শ্রেণিকক্ষে পড়া বই নিয়ে আলোচনা করতেও শিক্ষকদের উৎসাহিত করতে বলা হয়েছে।

     
  • Link to this news (আজকাল)