• লালবাজারের লকআপে সাড়ে ৩৫ লাখের 'নতুন' যন্ত্র কী?
    আজকাল | ০৪ আগস্ট ২০২৬
  • গোপাল সাহা: কয়েদিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং অপরাধ রুখতে আরও এক কদম এগিয়ে গেল কলকাতা পুলিশ। এবার লালবাজারের সেন্ট্রাল লকআপের সুরক্ষায় যোগ হতে চলেছে বিশেষ নজরদারি ব্যবস্থা। 

    লকআপের ভেতরে বন্দিদের গতিবিধির পাশাপাশি তাঁদের নিজেদের মধ্যে কথোপকথনও এবার সরাসরি রেকর্ড করবে পুলিশ।

    লালবাজার সূত্রে খবর, সেন্ট্রাল লকআপ চত্বরে বসানো হচ্ছে মোট ৫৯টি অত্যন্ত আধুনিক মানের সিসিটিভি ক্যামেরা। এর মধ্যে রয়েছে ৫৪টি ডোম ক্যামেরা এবং ৫টি বুলেট ক্যামেরা। 

    লকআপের ভেতরের ঘর এবং সংলগ্ন গলিতে বসানো হবে এগুলি। পুরোদমে কাজ চালানোর জন্য খরচ ধরা হয়েছে প্রায় সাড়ে ৩৫ লক্ষ টাকা। এর মধ্যে শুধু ক্যামেরা কিনতে ৮ লক্ষ টাকা এবং বাকি ২৭ লক্ষ টাকা আনুষঙ্গিক পরিকাঠামো ও মনিটরিং ব্যবস্থার পেছনে খরচ করা হচ্ছে।

    পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, নতুন এই ক্যামেরাগুলিতে থাকছে বিশেষ ইনফ্রারেড প্রযুক্তি ও অডিও রেকর্ডিংয়ের সুবিধা। ফলে ঘোর অন্ধকারের মধ্যেও বন্দিরা কোনও রহস্যজনক পরিকল্পনা করছেন কি না, কিংবা কোনও অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে কি না, তা মুহূর্তের মধ্যে ধরা পড়বে। 

    ডোম ক্যামেরাগুলি থেকে প্রায় ৫০ মিটার এবং বুলেট ক্যামেরাগুলি থেকে ৬০ মিটার দূর পর্যন্ত স্পষ্ট ছবি ও শব্দ সংগ্রহ করা যাবে।

    লালবাজারের কর্তাদের মতে, নতুন এই বন্দোবস্ত চালুর ফলে সেন্ট্রাল লকআপে ২৪ ঘণ্টা নজরদারি চালানো অনেক বেশি কার্যকর হবে। রাতের অন্ধকারেও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ থাকবে না।
  • Link to this news (আজকাল)