বজ্রপাতে ফালা ফালা আকাশ, মাঠে কাজ করতে করতেই লুটিয়ে পড়লেন মাটিতে, বজ্রপাতে হাওড়ায় মৃত ৩, আহত ২
News18 বাংলা | ০৪ আগস্ট ২০২৬
হাওড়ায় দুপুরে অঝোর বৃষ্টির সঙ্গে বজ্রপাতের তাণ্ডবে প্রাণহানি একাধিক! আমতা ও জগৎবল্লভপুরে মৃত ৩, আশঙ্কাজনক ২। সোমবার দুপুরে অঝোর বৃষ্টির মধ্যেই প্রবল বজ্রপাতে থমকে গেল হাওড়া জেলার একাংশের স্বাভাবিক জীবনযাত্রা। চলতি মরশুমে বজ্রপাতে জেলায় প্রথম প্রাণহানির মর্মান্তিক ঘটনা দুটি ঘটল আমতা ও জগৎবল্লভপুর থানা এলাকায়। পৃথক এই দুটি ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও দু’জন।
প্রথম ঘটনাটি ঘটে আমতার সোনামুই গ্রামে। স্থানীয় সূত্রে খবর, ৩৫ বছর বয়সী কৃষক সুশান্ত রায় দুপুরে বৃষ্টির মধ্যেই জমিতে চাষের কাজ করছিলেন। ঘনঘন বজ্রপাতের মাঝে কাজ শেষ করে কাছেই একটি জলাশয়ে কোদাল ধুতে যান তিনি। ঠিক সেই মুহূর্তে বিকট শব্দে বাজ পড়লে তিনি সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জীর্ণ ছিটেবেড়ার ঘরে স্ত্রী ও তিন নাবালক সন্তানকে রেখে পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষের এমন আকস্মিক প্রয়াণে সোনামুই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে, জগৎবল্লভপুরের মাজু অঞ্চলের হরিনারায়ণপুরে জমিতে দু’জন বীজ রোপণের কাজ করছিলেন। সেই সময় পাশের কাজে ব্যস্ত চাষিরা। চাষের বিভিন্ন কাজে ব্যস্ত সকলে, একটি জমিতে তখন ট্রাক্টর চলছে। হঠাৎ প্রবল বজ্রপাত, চারজন চাষি গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন জমিতে। স্থানীয় বাসিন্দারা তাঁদের দ্রুত উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মানবেন্দ্র মণ্ডল (৫০) ও অনুপ কর (৪৫)-কে মৃত ঘোষণা করেন। আহত অন্য দু’জনের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় আমতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠান হয়েছে। আকস্মিক এই বিপর্যয়ে শোকে বিহ্বল মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।