• তৃণমূল থেকেও ইস্তফা চন্দ্র কুমার বসুর, জানালেন কারণ
    এই সময় | ০৪ আগস্ট ২০২৬
  • ফের ভাঙন তৃণমূল কংগ্রেসে।

    মাস চারেক আগেই তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছিলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বসু। আর সোমবারই তৃণমূল কংগ্রেস ছাড়লেন তিনি। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠান তিনি। তাতেই তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথা জানিয়েছেন চন্দ্র কুমার বসু। ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেই এই পদত্যাগের কথা জানিয়েছে তিনি।

    কে চন্দ্র কুমার বসু?

    নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা শরত্‍চন্দ্র বসুর ছেলে অমিয়নাথ বসু। অমিয়নাথের ছেলে হলেন চন্দ্র বসু। অর্থাত্‍, নেতাজি ছিলেন তাঁর বাবার কাকা, সম্পর্কে দাদু।  রাজনীতিতে আসার আগে কর্পোরেট জগতে সফল কেরিয়ার গড়েছিলেন চন্দ্র কুমার বসু। লন্ডনের হেনডন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক এবং আইআইএম কলকাতা (IIM Calcutta) থেকে পড়াশোনা শেষ করে টাটা স্টিলে ১৮ বছর দায়িত্ব সামলেছেন তিনি। ২০০৪ সালে নিজস্ব তথ্যপ্রযুক্তি সংস্থাও গড়ে তোলেন তিনি। এ ছাড়া ওপেন প্ল্যাটফর্ম ফর নেতাজি-র মুখপাত্র হিসেবে নেতাজি সংক্রান্ত গোপন নথি প্রকাশের দাবিতে দীর্ঘ আন্দোলন চালিয়েছেন তিনি। এর পরে যোগ দেন রাজনীতিতে।

    রাজনীতিতে যোগ

    ২০১৬ সালে বিজেপিতে যোগ দেন চন্দ্র কুমার বসু। ওই বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা আসনে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০১৬ সালে তাঁকে পশ্চিমবঙ্গ বিজেপির সহ-সভাপতি করা হলেও ২০২০ সালের সাংগঠনিক রদবদলের সময় তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ২০২৩ সালে বিজেপি ছাড়েন তিনি। ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর)-এর শুনানি প্রক্রিয়ার সময়ে তাঁর পরিবারকে নোটিস পাঠায় নির্বাচন কমিশন। এর পরেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে, চলতি বছর বিধানসভা নির্বাচনের আগে, গত ১২ এপ্রিল তৃণমূল কংগ্রেসে যোগ দেন চন্দ্র কুমার বসু। তখনই বিজেপিতে যোগ দেওয়ার তাঁর ‘বড় ভুল ’ ছিল বলে মন্তব্য করেন তিনি।

    তৃণমূল থেকে ইস্তফা

    আর সোমবার তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা কথা জানিয়েছেন নেতাজি প্রপৌত্র। ব্যক্তিগত কারণেই তিনি দলের প্রাথমিক সদস্যপদ থেকে অবিলম্বে পদত্যাগ করছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা ইস্তফাপত্রে জানিয়েছেন চন্দ্র কুমার বসু। যদিও প্রকাশ্যে এই নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। তৃণমূলের তরফেও কিছু জানানো হয়নি।

    এক নজরে

    FAQ

    কে চন্দ্র কুমার বসু?

    নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার বসু।

    কবে তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছিলেন তিনি?

    চলতি বছর ১২ এপ্রিল তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছিলেন চন্দ্র কুমার বসু।

    কবে তৃণমূল থেকে ইস্তফা দেন?

    সোমবার তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।

    কেন এই ইস্তফা?

    ব্যক্তিগত কারণ’ উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়েছে তিনি।

    আর আগে কোন দলে ছিলেন চন্দ্র কুমার বসু?

    ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন চন্দ্র কুমার বসু। ওই বছর বিধানসভা নির্বাচনে এবং ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীও হন।

    কবে বিজেপি ছেড়েছিলেন?

    ২০২৩ সালে বিজেপি ছেড়েছেলেন চন্দ্র কুমার বসু।

  • Link to this news (এই সময়)