• 'আমার নম্বরে টাকা পাঠাবেন না', মারাত্মক অভিযোগে সকলকে সতর্কবার্তা মন্ত্রী ক্ষুদিরাম টুডুর! কেন?
    News18 বাংলা | ০৪ আগস্ট ২০২৬
  • রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী তথা রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁর পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী নিজেই। বিষয়টি নিয়ে তিনি সকলকে সতর্ক করেছেন এবং কাউকে কোনও টাকা না পাঠানোর অনুরোধ করেছেন।

    মন্ত্রী সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানান, তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর সাইবার প্রতারকেরা তাঁর ভুয়ো পরিচয় দিয়ে পরিচিতদের কাছে মেসেজ পাঠিয়ে টাকা দাবি করছে। তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন, তাঁর নম্বর থেকে সাহায্য বা টাকা চেয়ে কোনও বার্তা গেলে তাতে যেন কেউ সাড়া না দেন। পাশাপাশি কোনও অবস্থাতেই প্রতারকদের অ্যাকাউন্টে টাকা না পাঠানোর আবেদন করেছেন।

    তিনি আরও জানান, এই সাইবার হামলার সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। একটি ভিডিওবার্তায় ক্ষুদিরাম টুডু বলেন, তাঁর ৯৪৭৪৭৭৮৮৯৮ নম্বরটি প্রায় আধ ঘণ্টা আগে হ্যাক হয়েছে। তিনি সকল শুভাকাঙ্ক্ষীকে অনুরোধ করেছেন, এই নম্বরে বা কোনও কিউআর কোডের মাধ্যমে যেন কেউ টাকা না পাঠান। ভিডিওবার্তায় তিনি আরও দাবি করেন, যিনি হ্যাক করেছেন তাঁর নাম অভিজিৎ।

    ভুয়ো বার্তা ও প্রতারণার এই ফাঁদ সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন মন্ত্রী। পাশাপাশি এই সতর্কবার্তা অন্যদের কাছেও পৌঁছে দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

    শরদিন্দু ঘোষ
  • Link to this news (News18 বাংলা)