• পঞ্চায়েতের কাজে গরমিলের অভিযোগ, উপপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির
    এই সময় | ০৪ আগস্ট ২০২৬
  • এই সময়, আরামবাগ: কিছু দিন আগে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল, এ বার মাস্টার রোলে কারচুপির অভিযোগে বিক্ষোভ উপপ্রধানকে ঘিরে। চুঁচুড়ার কোদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তীকে ঘিরে প্রতিবাদ বিজেপি কর্মীদের। তাঁর বিরুদ্ধে পঞ্চায়েতের কাজে মাস্টাররোল গরমিলের অভিযোগ ওঠে। তাতেই ফের ক্ষোভের মুখে এই উপপ্রধান।

    এই বিষয়ে সুনীল সরকার নামে পঞ্চায়েতের এক ঠিকাদার বলেন, 'পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তীই পঞ্চায়েত চালান। বিভিন্ন কাজে মাস্টার রোল করতে বলা হয় আমাকে। দু'টির টাকা পেয়েছি। তিনটের পাইনি। হয়তো অন্য কাউকে দিয়ে তুলিয়েছেন। পাঁচটা মাস্টার রোল থেকে এক লক্ষ ২০ হাজার টাকা তোলা হয়েছে। সেই টাকা কোথায়, কী হয়েছে, জানি না।'

    বিজেপি নেতা অজয় মোহান্তি বলেন, 'রাস্তা, ড্রেন সংস্কার না হওয়ার কারণে বাড়িতে জল ঢুকে যাচ্ছে। অথচ, কোনও কাজ হয়নি। আমরা পঞ্চায়েতে আসি। আমাদের বলা হয়, এক বছরে প্রায় আড়াই হাজার কর্মী কাজ করেছেন। সেই হিসেবে প্রতিটা বুথে ৮০ জন কর্মীর কাজ করার কথা। পঞ্চায়েত সদস্যরা দু'জন করে কর্মী পেয়েছেন কি না, ঠিক নেই। ঠিকাদারকে জিজ্ঞেস করলে উনি বলেন, হাজারের বেশি কর্মী কাজ করেছেন। বাকি কর্মীর টাকা কোথায় গেল, সেটাই জানতে এসেছি পঞ্চায়েতে। উপপ্রধান জবাব দেননি।'

  • Link to this news (এই সময়)