এই সময়, মেদিনীপুর: জেলার শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের লক্ষ্যে পুলিশের উদ্যোগে গত ২০ জুলাই চালু হয়েছিল 'পেস' (পুলিশ অ্যাসিস্ট্যান্ট ইন কেরিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট এনহ্যান্সমেন্ট) ওয়েবসাইট। হাজার শূন্যপদ রয়েছে। কিন্তু ওই হাজার শূন্যপদে প্রায় ৮৫ হাজার ৫১৪টি আবেদন জমা পড়েছে। যা দেখে অবাক পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ। ২১ জুলাই থেকে ৩১ জুলাই, মাত্র ১১ দিনে ওই আবেদন জমা পড়েছে। সব কিছু ঠিক থাকলে, আগামী ১৫ অগস্টের মধ্যে ইন্টারভিউ করে বেশ কিছু চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে আশা জেলা পুলিশের।
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন, 'আমরা জেলা পুলিশের পক্ষ থেকে এই 'পেস' ওয়েবসাইট চালু করেছিলাম। এখানে বাইশটি কোম্পানি যুক্ত হয়েছে। তাঁদের কোম্পানিতে বিভিন্ন শূন্য পদে তাঁরা নিয়োগ করতে চান। সব মিলিয়ে প্রথম পর্যায়ে প্রায় এক হাজার শূন্যপদ, এই পদের জন্য আবেদন জমা পড়েছে ৮৫ হাজার ৫১৪টি। আমরাও ভাবতে পারিনি এত আবেদন আসবে।'
মেদিনীপুরে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিতে কেশপুর, আনন্দপুর-সহ বেশ কিছু থানা এলাকায় 'প্রস্তুতি' নামে পুলিশ, সামরিক, আধাসামরিক বাহিনীতে চাকরির প্রশিক্ষণও শুরু করেছে জেলা পুলিশ। জানা গিয়েছে, 'পেস' প্রক্রিয়া সারা বছর বিভিন্ন পর্যায়ে চলবে। আরও নতুন নতুন কোম্পানি যোগ দেবেন বলে জানা গিয়েছে। প্রথম পর্যায়ে প্রায় ২০টি সংস্থায় প্রায় এক হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
চলতি বছরের মধ্যে ধাপে ধাপে প্রায় আড়াই থেকে তিন হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়েছে জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাকরিপ্রার্থীদের http://pacepaschimmedinipur.co.in ওয়েবসাইটে গিয়ে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিজের প্রোফাইল সম্পূর্ণ করবেন। এরপরে লগ ইন করে অংশগ্রহণকারী সংস্থাগুলির নাম, শূন্যপদের সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বেতন-সহ চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য দেখতে পাবেন। আবেদন সফল ভাবে জমা পড়লে আবেদনকারীর মোবাইলে একটি রেজিস্ট্রেশন নম্বর পাঠানো হবে। পরে সংশ্লিষ্ট সংস্থাগুলি এসএমএসের মাধ্যমে ইন্টারভিউয়ের তারিখ ও স্থান জানিয়ে দেবে।
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইটিআই, পলিটেকনিক ও অন্য কারিগরি বা পেশাদার শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন চাকরিপ্রার্থীরাও এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতিনিয়ত নতুন চাকরির খবর, শূন্যপদের সংখ্যা ও যোগ্যতার তথ্যও এই প্ল্যাটফর্মে আপডেট করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এক আবেদনকারী চাকরিপ্রার্থী বলেন, 'পুলিশের এটি খুবই ভালো উদ্যোগ। আইটিআই পাস করেছি। দু-একটি সংস্থায় আবেদনও করেছি। এ বার কী হয় সেটাই দেখার।'