• জমিবাড়ির মালিক শিশু সন্তান, রাগে খুন করে ধৃত বাবা
    এই সময় | ০৪ আগস্ট ২০২৬
  • এই সময়, বাদুড়িয়া: দাদু জমিজমা লিখে দিয়েছিলেন নাতির নামে। সেই রাগে আড়াই বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করল বাবা! সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাদুড়িয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের আড়বেলিয়া গ্রামে। নিহত শিশুর নাম অরিজিৎ সরকার। শিশুটির অপরাধ, তার দাদু জমিজমা, বাড়ি নাবালক নাতির নামে লিখে দেন। সেই রাগে বাবা প্রসেনজিৎ সরকার এ দিন সকালে আড়াই বছরের ছেলেকে গলা টিপে খুন করে বলে অভিযোগ। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত প্রসেনজিৎকে গ্রেপ্তার করেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রসেনজিৎ দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত। পরিবারের অভিযোগ, জোর করে বাবার কাছ থেকে জমিজমার কাগজে সই করে সেই জমি বিক্রি করে নেশা করে সে আগেও প্রচুর টাকা উড়িয়েছে। বিষয়টি নিয়ে বাড়িতে অশান্তি লেগেই থাকে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ বৃদ্ধ সুকুমার সরকার তাঁর অবশিষ্ট জমি ও বাড়ি নাবালক নাতি অরিজিতের নামে লিখে দেন। তাতেই ক্ষিপ্ত হয়ে প্রসেনজিৎ এ দিন নৃশংস কাণ্ড ঘটায়।

    প্রতিবেশীদের অভিযোগ, এর আগেও দুধের শিশু ছেলেকে গলা টিপে মারতে গিয়েছিল প্রসেনজিৎ। সে বার ধরা পড়ে জেল হয় প্রসেনজিতের। জামিনে ছাড়া পেয়ে আবার নেশা করে পরিবারের উপরে অত্যাচার শুরু করে সে। এ দিন সকালে নিজের ছেলেকে গলা টিপে খুন করে বাড়ি থেকে চলে যায় প্রসেনজিৎ।

    শিশুটির মায়ের কান্নাকাটির জেরে পাড়ার লোক এসে দেখতে পায় ছেলের নিথর দেহ জড়িয়ে ধরে কাঁদছেন মা। বিষয়টি দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তদন্তে নেমে বাদুড়িয়া থেকে প্রসেনজিৎকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত বাবার চরম শাস্তির দাবি জানিয়েছেন।

  • Link to this news (এই সময়)