এই সময়, শিলিগুড়ি: ছ'বছর পরে ফের ভারত-চিন সীমান্ত নাথুলায় চালু হলো সীমান্ত বাজার। নাথুলার শেরাথাং বাজারে এই বর্ডার মার্কেটের উদ্বোধন করেন সিকিমের পর্যটন মন্ত্রী টিটি ভুটিয়া। ভারত-চিন সম্পর্কের উন্নতির জন্য সীমান্তের জিরো পয়েন্টে এমন বাজার খোলার ব্যাপারে ১৯৯১-এ কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়। ২০০৩-এ চিনের সঙ্গে ভারত সরকারের নাথুলায় বাজার খোলার ব্যাপারে মউ স্বাক্ষরিত হয়।
মাঝে দু'দেশের সম্পর্কের অবনতির কারণে ছ'বছর আগে নাথুলার বাজারটি সাময়িক ভাবে বন্ধ করা হয়। গ্যাংটক জেলা তথ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, শেরাথাং বাজারে সিকিমের স্থানীয় সামগ্রী কেনাকাটা করতে পারবেন তিব্বতীরা। এ জন্য তাঁদের স্পেশাল পারমিট দেওয়া হবে। অন্যদিকে সিকিমের বাসিন্দারা একই সুবিধে পাবেন। তাঁরা তিব্বতের ইয়াদঙ প্রদেশের রেনাং বাজারে গিয়ে কেনাকাটা করতে পারবেন।
তবে দুটি বাজারেই প্লাস্টিক ব্যবহারে সতর্কতা আরোপ করা হয়েছে। নাথুলায় বর্ডার মার্কেট চালু হওয়ায় খুশি উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীরাও। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, 'নাথুলা এখন পর্যটন কেন্দ্র। তীর্থ যাত্রীরা মানস সরোবর নাথুলা হয়েই যান। তার পরে বর্ডার মার্কেট চালু হওয়ায় ভারত-চিন সীমান্তবর্তী এলাকার অর্থনীতিও শক্তিশালী হবে।'