• দুই ওয়েদার সিস্টেমের ‘সাঁড়াশি আক্রমণ’, অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে, দক্ষিণবঙ্গেও চলবে বৃষ্টি?
    এই সময় | ০৪ আগস্ট ২০২৬
  • এক দিকে মৌসুমি অক্ষরেখা, অন্য দিকে সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা। এই দুয়ের ‘সাঁড়াশি আক্রমণে’ বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বাংলায়। সোমবার দুপুরে ভারী বৃষ্টি হয়েছে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। আজ, মঙ্গলবারও এমনই থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত বৃষ্টির দাপট অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে। অন্যদিকে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলার জন্য।

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে রাজস্থানের বিকানের থেকে শুরু করে দিল্লি, লখনউ, পাটনা হয়ে উত্তর-পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি, রাজস্থান থেকে উত্তর-পূর্ব বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও সক্রিয়। এই দুই ওয়েদার সিস্টেমের প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

    মঙ্গলবার শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯ শতাংশ থাকতে পারে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি, সোমবার সকাল সাড়ে ছ’টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯০ মিলিমিটার বৃষ্টি পেয়েছে শহর। এর মধ্যে বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে মোট ৮৬.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। শহরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বালিগঞ্জ, চেতলা ও নিউ আলিপুর এলাকায়।

    দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। শুক্রবার পর্যন্ত প্রায় প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে।

    উত্তরবঙ্গেও বৃষ্টি অব্যাহত থাকবে। চলতি সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মঙ্গলবার ও বুধবার ভারী (৭–১১ সেমি) থেকে অতি ভারী (৭–২০ সেমি) বৃষ্টির পূর্বাভাস দেওয়া রয়েছে। এই জেলাগুলির কিছু কিছু জায়গায় চরম ভারী (২০ সেমির বেশি) বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। এর পাশাপাশি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

    এক নজরে

    FAQ

    পশ্চিমবঙ্গে বৃষ্টির কারণ কী?

    রাজস্থানের বিকানের থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা এবং রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত একটি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা—এই দুই ওয়েদার সিস্টেমের ‘সাঁড়াশি আক্রমণের’ ফলে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

    দক্ষিণবঙ্গে কবে পর্যন্ত বৃষ্টি চলবে এবং কোন জেলাগুলোতে সতর্কতা রয়েছে?

    আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে। এর মধ্যে মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।

    উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কতটা উদ্বেগজনক?

    উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় মঙ্গলবার ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কিছু স্থানে চরম ভারী (২০ সেন্টিমিটারের বেশি) বৃষ্টির সতর্কতা রয়েছে।

  • Link to this news (এই সময়)