• NCPI-এর সুদীপ, কাকলিদের কি BJP নিচ্ছে? আজ শুভেন্দুর সঙ্গে মিটিং ঘিরে জল্পনা
    আজ তক | ০৪ আগস্ট ২০২৬
  • তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদদের সঙ্গে আজ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে অন্তত ২০ জন সাংসদ থাকতে পারেন বলে খবর মিলছে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-তে যোগ দেওয়ার পর এই প্রথম তাঁদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী।

    এই বৈঠক নিয়ে ইতিমধ্যেই মুখ খুলছেন এনসিপিআই-এর সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই বৈঠকে সাংসদরা এলাকার উন্নয়নের ক্ষেত্রে ঠিক কীভাবে কাজ করবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে। শুধু তাই নয়, বিজেপি সরকার গঠনের পর যেই সব কর্মীরা ঘর ছাড়া, তাঁরা কীভাবে বাড়ি ফিরবেন, তাঁদের পুনর্বাসন কীভাবে হবে, এই বিষয়টা নিয়েও হবে আলোচনা। 

    কোথায় হবে বৈঠক? 
    জানা যাচ্ছে, দিল্লির বঙ্গভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হতে চলেছে। গত সপ্তাহেও এই রকম একটি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি। কিন্তু আজ সেটা হতে চলেছে। নজর রয়েছে রাজনৈতিক মহলের। তাই আজ রাজনৈতিক মহলের নজর রয়েছে ঠিক এই দিকেই।

    এই বিষয়ে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের বৈঠকের মূল এজেন্ডা হল নিজের নিজের লোকসভা কেন্দ্রের উন্নয়ন। সরকার পরিবর্তনের পর আমাদের বহু কর্মী এখনও ঘরছাড়া। তাঁদের নিরাপদে নিজেদের বাড়িতে ফিরিয়ে আনার বিষয়টিও আমরা তুলে ধরব।'

    তাঁর বক্তব্যে স্পষ্ট, দলের নেতৃত্ব এই বৈঠক নিয়ে আশাবাদী। তারা এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে প্রশাসনিক সমন্বয়ের বৈঠক হবে বলে মনে করছেন।

    বর্তমানে এই বৈঠকটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, কয়েক দিন আগেই এনসিপিআই-এর সাংসদরা প্রথমবারের মতো এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক 'মঙ্গল মিলন' বৈঠকে অংশ নেন। এর মাধ্যমে কেন্দ্রে শাসক জোটের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতা আরও বেড়েছে।

    আসলে বিধানসভা ভোটে পরাজয়ের পরই দলত্যাগী হন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের বেশ কিছু সাংসদ। ২৮ জনের মধ্যে ২০ জন লোকসভা সাংসদ  এনসিপিআই-এ যোগ দেন। পরে দলটি আনুষ্ঠানিকভাবে এনডিএ-র শরিক হয়।

    বর্তমানে এই সাংসদরা এনডিএ-র অংশ হিসেবে কাজ করছেন। তবে তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ এনেছে তৃণমূলের কংগ্রেস। সেই আবেদন এখনও লোকসভার স্পিকার ওম বিড়লার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

    রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মঙ্গলবারের বৈঠকে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার ও এনসিপিআই সাংসদদের মধ্যে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। শুধু তাই নয়, সংসদীয় কৌশল এবং সাংগঠনিক সমন্বয়ের বিষয়টা আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পেতে পারে।

    রাজনৈতিক বিশ্লেষকরা আবার এই বৈঠককে শুভেন্দু অধিকারীর জন্যও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। তাঁদের যুক্তি, তৃণমূল থেকে বিচ্ছিন্ন হওয়া এই সাংসদদের সমর্থন পশ্চিমবঙ্গের লোকসভা রাজনীতির সমীকরণে বড় পরিবর্তন এনেছে। তৃণমূলের সাংসদ সংখ্যা কমিয়েছে।

    এনসিপিআই মিশবে বিজেপিতে?

    গত কয়েক সপ্তাহ ধরে এনসিপিআই-এর বিজেপিতে মিশে যাবে খবর রটেছে। তবে এই বিষয়টা নিয়ে দুই পক্ষের কেউই এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

    তবে পিটিআই-কে সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, 'এই মুহূর্তে এ ধরনের কোনও আলোচনা হচ্ছে না।'


    কিন্তু শুভেন্দুর সঙ্গে এই ধরনের বৈঠক নতুন কিছু নয়। ৮ জুন, তৃণমূলের সাংসদদের ভাঙনের সময় শুভেন্দু অধিকারী তাঁরা  বৈঠক করেছিলেন। তবে সাংসদরা আনুষ্ঠানিকভাবে এনসিপিআই-এ যোগ দেওয়ার পরএই প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।

    রাজনৈতিক মহলের মতে, এই বৈঠক থেকেই আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এবং এনসিপিআই-রা কীভাবে রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচিতে একসঙ্গে এগোবে, তার স্পষ্ট ইঙ্গিত মিলতে পারে।

     
  • Link to this news (আজ তক)