• অ্যাকাউন্ট ফ্রিজ: সুপ্রিম কোর্টে স্বস্তি পেল না তৃণমূল
    বর্তমান | ০৪ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ঘটনায় সুপ্রিম কোর্টে সুরাহা মিলল না। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন জি ভারালের বেঞ্চ জানিয়ে দিল, এখনই হাইকোর্টের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দিচ্ছি না। আগামী মঙ্গলবার ১১ আগস্ট বিস্তারিত মামলা শুনব। 

    ইডি’র পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু বলেন, ‘তৃণমূল এখনও ব্যাংক ট্রানজাকশন করছে। তৃণমূলের কাছে ১৬৪ কোটি টাকা তো রয়েছে। সেটা দিয়ে কাজ চালাক।’ তৃণমূলের দুই আইনজীবী কপিল সিবাল এবং মানেকা গুরুস্বামী আদালতে বলেন, ‘মোটেই কোনো লেনদেন সাম্প্রতিককালে হয়নি। কারণ অ্যাকাউন্ট ফ্রিজ রয়েছে। যার জেরে নিত‍্যদিনের খরচও চালানো সম্ভব হচ্ছে না। ২১৫ জন কর্মীকে বেতন দেওয়া যাচ্ছে না। তাই ওই অ্যাকাউন্ট খুলে দেওয়া হোক।’ যদিও আপত্তি করে এস ভি রাজু বলেন, ‘স্রেফ সামান্য অ্যাকাউন্ট নয়। মানি লন্ডারিং হয়েছে বলেও অভিযোগ। তাই অ্যাকাউন্ট খোলা যাবে না।’ বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, ঠিক আছে, আপাতত কোনো নির্দেশ বা স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। আগামী মঙ্গলবার তা শোনা হবে।
  • Link to this news (বর্তমান)