কাফ সিরাপের ব্যবসা ফেঁদে গরিব পিন্টু এখন কোটিপতি, ভাড়া করা ফ্ল্যাটে চলত কারবার
বর্তমান | ০৪ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, পুরাতন মালদহ: আর্থিকভাবে পিছিয়ে থাকা অতি সাধারণ ঘরের এক ছেলে মাদক কারবারে হয়ে উঠেছেন কোটিপতি! পুরাতন মালদহের মঙ্গলবাড়ির ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পর মূল পাণ্ডা পিন্টু সরকারের বিষয়ে এখন এই আলোচনাই ঘুরছে মালদহ জেলা জুড়ে। অর্থের অভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা না দিয়ে এক সময় বিয়ে বাড়ির ক্যামেরা ম্যান হিসাবে কাজ করতে শুরু করেন আদতে পুরাতন মালদহের-১ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জের বাসিন্দা পিন্টু।
কিছুদিন সেই কাজ করার পরে পুরাতন মালদহের মঙ্গলবাড়ির একটি ওষুধের দোকানে কাজ করতে শুরু করেন তিনি। সেখানেই ওষুধের কারবারের বিষয়ে হাতেখড়ি। প্রতিবেশিদের দাবি, পরে ওই দোকান ছেড়ে দিয়ে এলাকাতে ওষুধের পাইকারি ব্যবসা করতেন পিন্টু। ব্যবসা শুরু করার কিছুদিন পর থেকে জীবন যাত্রা আমূল বদলে গিয়েছিল। একসময় আর্থিকভাবে পিছিয়ে পড়া পিন্টুর নানা দিক থেকে উন্নতি লক্ষ্য করা যাচ্ছিল।
অন্যদিকে, নবাবগঞ্জের বাড়িতে বাবা-মার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। মাঝেমধ্যে বাবা-মার সঙ্গে ঝগড়া হত। প্রায় দেড় বছর আগে মঙ্গলবাড়ির বাসিন্দা দিলীপ সাহার থেকে ফ্ল্যাট ভাড়া নেয় সে। যদিও ওই এলাকার বাসিন্দা বলে আগে থেকে পরিচিত হওয়ায় ফ্ল্যাটের মালিক দিলীপ সাহা ভাড়ার জন্য কোনো নথিপত্র পিন্টুর থেকে নেননি। পিন্টু দিলীপবাবুকে জানিয়েছিলেন যে, খুব শীঘ্রই তিনি বিয়ে করবেন। মঙ্গলবাড়ি এলাকাতে একটি নতুন বাড়ি তৈরি করবে। সেই কারণে কিছুদিনের জন্য ভাড়ায় ওই ফ্ল্যাট নিয়েছিল পিন্টু।
ওই আবাসনের অন্যান্য বাসিন্দাদের দাবি, দিনরাত ওই ফ্ল্যাটের গোডাউনে প্রচুর ওষুধের বাক্স আসত। অজ্ঞাত পরিচয় বহু ছেলে ফ্ল্যাটে অবাধ যাতায়াত করত। সকলেরই ধারণা ছিল ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত ছেলেরাই ওই ফ্ল্যাটে আসা যাওয়া করেন। তবে এই বিষয়ে সেভাবে কেউ মাথা ঘামাননি।
রবিবার রাতের অভিযানের পর কোটি কোটি টাকা উদ্ধারের পাশাপাশি নয় হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ পুলিশ বাজেয়াপ্ত করার পরেই চক্ষু চড়কগাছ হয়েছে অনেকের। ফ্ল্যাটের মালিক দিলীপ সাহা বলেন, বহুবছর ধরে আমি ওই ছেলেটিকে চিনি। ওষুধের ব্যবসা করে নিজের পায়ে দাঁড়িয়েছে বলে জানতাম। বিয়ে করার জন্য বাড়ি তৈরি করছে দাবি করে কিছুদিন থাকার জন্য ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। কিন্তু এমন কারবার করত তা তো জানা ছিল না!