‘শত্রুঘ্ন সিনহা আসানসোলের এমপি, এটা আমাদের গর্বের’ বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু
বর্তমান | ০৪ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: তৃণমূল এমপিকে প্রশংসায় ভরিয়ে দিলেন বিজেপি বিধায়ক। আসানসোলের এই ঘটনায় রাজনৈতিক অংশ কষছেন অনেকেই। সোমবার আসানসোলে একটি রাইফেল শ্যুটিং প্রতিযোগিতায় উপস্থিত হয়েছিলেন আসানসোলের তৃণমূল কংগ্রেস এমপি শত্রুঘ্ন সিনহা। সেই মঞ্চেই হাজির হয়েছিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও রাজ্যের পূর্ত মন্ত্রী অজয় পোদ্দার। শত্রুঘ্নর সামনেই কৃষ্ণেন্দু বলেন, শত্রুঘ্ন সিনহার মতো একজন ব্যক্তিত্ব আসানসোলের এমপি। এটা আমাদের সবার গর্ব। উনাকে ঠিক ভাবে কাজে লাগাতে পারেনি তৃণমূল কংগ্রেস। আমি উনাকে বলেছি, আপনি আসুন উন্নয়নের কাজ করুন। আমরা পাশে আছি। একই ভাবে অনুষ্ঠান মঞ্চে বার বার তৃণমূলের তারকা এমপির সঙ্গে করমর্দন করতে দেখা যায় পূর্তমন্ত্রী অজয় পোদ্দারকে। তিনি বলেন, শত্রুঘ্ন সিনহাকে উন্নয়ন মূলক কাজে আসানসোলের বিকাশে কাজে লাগাতে পারেনি বিগত সরকার। আমরা উন্নয়নে কাজে লাগাব। প্রতুত্তরে প্রশংসা ফিরিয়ে দেন তৃণমূল কংগ্রেসের তারকা এমপিও। তিনি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে জনপ্রিয় বিধায়ক বলেন। তিনি বলেন, উনি আমাকে হিরো বলছেন। আসলে তো হিরো উনিই। অজয় পোদ্দার সম্পর্কে বলেন, উনি অত্যন্ত বিদ্যান মানুষ। উনার বক্তব্য শুনলাম। চিকিৎসক জ্ঞানি মানুষ। আমার কারও সাথেও কোন বিরোধী নেই। আমার একমাত্র এজেন্ডা উন্নয়ন।
বিষয়টি দিয়ে আসানসোলের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। ২০২২ সালে শত্রুঘ্ন সিনহার হাত ধরেই আসানসোল লোকসভা আসনে প্রথমবার জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তিনি জয়লাভ করেন। সেই সময়ে আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটককে ‘ম্যাজিক ম্যান’ হিসাবে ডাকতেন তিনি। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর আসানসোল আসানসোল লোকসভা কেন্দ্রে আসনেনি এমপি। যদিও তিনি অন্যান্য এমপিদের মতো ভোটে বিপর্যয়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়েননি। তবে এদিনের ঘটনা নতুন জল্পনা সৃষ্টি করেছে। সিপিএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায় বলেন, উনি দ্রুত ভালো তৃণমূল হচ্ছেন। কংগ্রেস জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, উনি দ্রুত বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকবেন। নিজস্ব চিত্র