মগরা-২ গ্রাম পঞ্চায়েতে দলীয় বোর্ডের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের
বর্তমান | ০৪ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলি মগরা-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূল সদস্যরাই। তৃণমূলের ছয়জন সদস্য পঞ্চায়েত প্রধান জয়শ্রী পালের বিরুদ্ধে অনাস্থা এনেছেন। ইতিমধ্যে ওই অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে পদক্ষেপ করার ইঙ্গিত দিয়েছে চুঁচুড়া-মগরা ব্লক প্রাশসন। জানা গিয়েছে, আগস্ট মাসের ৭ তারিখে তলবি সভা হওয়ার সম্ভাবনা আছে। এনিয়ে জয়শ্রীদেবী কোনো মন্তব্য করতে চাননি। তবে তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, গোটা বিষয়টি দলীয় নেতৃত্বকে জানানো হয়েছে। যাঁরা অনাস্থা এনেছেন, তাঁরাও সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। তবে ব্লক প্রশাসনকে লেখা চিঠিতে তাঁরা দাবি করেছেন, পঞ্চায়েত প্রধান সদস্যদের ছাড়া কাজ করছেন। তাই তাঁরা অনাস্থা আনতে চান। যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনাস্থা আনা সদস্যদের অনেকে ‘ভালো তৃণমূল’ হতে চাইছেন। সেটাই অনাস্থার মুখ্য কারণ। তাৎপর্যপূর্ণ এই যে, পঞ্চায়েতে ১৯ জন সদস্য আছেন। তারমধ্যে ১৩ জন তৃণমূলের সদস্য। ৬ জন বিজেপি সদস্য আছেন। সাধারণভাবে, ১১ জন সদস্য একপক্ষে দাঁড়ালেই নতুন প্রধান নির্বাচন করা সহজ। বিজেপি ওই অনাস্থার প্রেক্ষিতে কি ভূমিকা নেবে তা অবশ্য স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক সময়ে বিজেপি পঞ্চায়েতের পরিচালনায় বিশেষ ভূমিকা নিতে চাইছে। সেই অবস্থায় বিজেপি অনাস্থাকে সমর্থন করবে বলেই রাজনৈতিক মহল ধরে নিচ্ছে।