বিজেপির হাওড়া সদরের সম্পাদকের নামে হুমকি, অভিযোগ ব্যবসায়ীদের
বর্তমান | ০৪ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রেলের পার্সেল ভ্যানের টেন্ডারকে কেন্দ্র করে বিজেপির হাওড়া সদর সাংগঠনিক জেলার সম্পাদক প্রমোদ সিংয়ের বিরুদ্ধে তোলা চাওয়া এবং মারধরের অভিযোগ তুলেছেন এক ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ জুলাই পুনে আজাদ হিন্দ এক্সপ্রেসের এসএলআর কোচ (পার্সেল ভ্যান)-এর অনলাইন টেন্ডার জমা দেওয়ার কথা ছিল। অভিযোগকারী ব্যবসায়ী সন্তোষকুমার সিংয়ের অভিযোগ, তিনি যাতে ওই টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন, সেই উদ্দেশ্যেই বিজেপির দুই নেতা প্রমোদ সিং ও অমিত ঠাকুরের নির্দেশে কয়েকজন দুষ্কৃতী তাঁর মহেন্দ্রনাথ ফার্স্ট বাই লেনের বাড়িতে যায়। সেখানে তাঁকে মারধর করা হয় এবং স্ত্রী ও ছেলেদের অপহরণের হুমকি দিয়ে ১০ লক্ষ টাকা দাবি করা হয়। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়ে গোটা পরিবার। নিজেকে ‘নরেন্দ্র মোদি বিচার মঞ্চের’ নেতা পরিচয় দিয়ে সন্তোষ সিং হাওড়া থানায় প্রমোদ সিং, অমিত ঠাকুর এবং আরও কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে, বিজেপি নেতা প্রমোদ সিং তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, অমিত ঠাকুরের সঙ্গে সামাজিক মাধ্যমে একাধিক ছবি থাকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নাম জড়ানো হয়েছে। তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং তা প্রমাণ করার মতো কোনো সিসি ক্যামেরার ফুটেজও নেই। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা জানান, প্রাথমিক তদন্তে রেলের টেন্ডারকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর বিরোধের বিষয়টি সামনে এসেছে। ইতিমধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।