রাজ্য নেতারা যা খুশি করবেন, জেতানোর দায় মোদি-শাহের! বিস্ফোরক মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর
বর্তমান | ০৪ আগস্ট ২০২৬
রাহুল চক্রবর্তী, কলকাতা: বিহার উপনির্বাচনে যেদিন বিজেপির শোচনীয় পরাজয় হয়েছে, ঠিক সেই সময়ই আর এক গেরুয়া শাসিত রাজ্য ত্রিপুরার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সরব হলেন দলের রাজ্য নেতাদের কাজ নিয়ে। প্রকাশ্যেই তিনি জানান, স্থানীয় নেতারা কাজ করছেন না। শুধু নরেন্দ্র মোদি ও অমিত শাহের উপর নির্ভর করে ভোট বৈতরণি পেরনোর চেষ্টা করছেন। সেটা একেবারেই ঠিক হচ্ছে না।
গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন রাজ্যে বিজেপিকে নিয়ে তুমুল আলোচনা চলছে। বিশেষ করে তরুণ প্রজন্মের আন্দোলনের সামনে পিছু হটতে হয়েছে মোদি সরকার। দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনের চাপেই ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেটা যদি সাম্প্রতিককালের মধ্যে বিজেপি শিবিরে প্রথম ধাক্কা হয়, তাহলে দ্বিতীয় ধাক্কা বিজেপির কাছে এসেছে বিহারের বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে পরাজয়। ওই আসনটিতে জয় পেয়েছেন জনসুরজ পার্টির প্রশান্ত কিশোর। এই আসনটি দীর্ঘদিন ধরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের খাস তালুক হিসাবে পরিচিত। আবার এও দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর প্রথম তিনমাসের মধ্যেই তোলাবাজি নিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য নেতারা। বিভিন্ন রাজ্যে বিজেপির এমন অবস্থার সময়ে ডবল ইঞ্জিনের ত্রিপুরা রাজ্যেও বিজেপির অবস্থা নিয়ে সরব হলেন সেখানকার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এত ভালো কাজ করছেন কিন্তু স্থানীয় নেতাদের মনোভাবখানা হল—আমরা যা ইচ্ছা, তাই করব! নির্বাচন জেতানোর দায়িত্ব আমাদের নয়, নির্বাচন জেতাবেন—নরেন্দ্র মোদি, অমিত শাহ। পাশাপাশি তাঁর মন্তব্য, আমি যখন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলাম, তখন আমাকে বলা হয়েছিল এক ব্যক্তি এক পদ। কিন্তু চার-পাঁচ বছর ধরে দেখছি তো এক ব্যক্তি ১০ পদ! এক ব্যক্তি এক পদ আমাদের রাজ্যে কার্যকরই হচ্ছে না। আমাদের রাজ্য যাঁরা পরিচালনা করছেন, তাঁরা তা মান্যতা দিচ্ছেন না। এটা মোটেই ঠিক হচ্ছে না।