নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শক্তিশালী বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার জেরে সোমবার দুপুর থেকে কলকাতা ও শহরতলির বিভিন্ন জায়গায় বেশি মাত্রায় বৃষ্টি হয়েছে। এদিন বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। এই প্রবণতা আপাতত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে আরও বেশি মাত্রায় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকায়। আজ মঙ্গলবার দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও অতিমাত্রায় বৃষ্টির ‘লাল’ সতর্কতা জারি করা হয়েছে। বুধবারও উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায়। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত আলিপুরে প্রায় ৮০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করার কারণে শক্তিশালী বজ্রমেঘ তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। পাহাড় লাগোয়া উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত থাকায় সেখানে বৃষ্টি আরও বেশি হচ্ছে।