ট্রাইবুনালকে দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের, এসআইআরে ভোটার তালিকা থেকে নাম বাদ, উচ্চশিক্ষায় বঞ্চনার আশঙ্কা
বর্তমান | ০৪ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কানপুর আইআইটিতে পিএইচ ডি করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু এসআইআরের জেরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন মেধাবী ছাত্র। অথচ নাম বাদ পড়ার পরই এসআইআর ট্রাইবুনালে আবেদন জানিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও সেই আবেদনের বিচারপ্রক্রিয়া কবে সম্পন্ন হবে তা জানতে পরেছেন না মহম্মদ অয়ন নাওয়াজ নামে যুবক। এমনকি আবেদনটি কোন পর্যায়ে রয়েছে তাও ঠাওর করতে পারছেন না তিনি। বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলাটি উঠলে সমস্ত বৃত্তান্ত তুলে ধরেন তাঁর আইনজীবী। অভিযোগ শোনার পর পর্যবেক্ষণে বিচারপতি জানান, ট্রাইবুনালে আবেদনের বিচারপক্রিয়া সম্পন্ন না-হওয়ায় মামলাকারী পদার্থ বিদ্যায় পিএইচ ডি কোর্সে ভরতি হতে পারছেন না। তাঁর আবেদনের দ্রুত নিষ্পত্তি করতে ট্রাইবুনালকে অনুরোধ করেছেন বিচারপতি। নির্দেশে আরও উল্লেখ করা হয়েছে, ট্রাইবুনালকে এক সপ্তাহের মধ্যেই মামলাকারীর আবেদন খতিয়ে দেখে নিষ্পত্তি করতে হবে।