• তালিকায় ৫০০, যশোর রোডে শুরু হল বিপজ্জনক গাছ কাটা
    বর্তমান | ০৪ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বনগাঁ: দীর্ঘ প্রতীক্ষার অবসান। বনগাঁর যশোর রোডে গাছ কাটা শুরু হল সোমবার। পেট্রাপোল থানার খলিতপুর থেকে এই কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে মৃত ও বিপজ্জনক ডাল মিলিয়ে ১১১টি গাছ কাটা হবে। এদিন গাছ কাটার সময় জাতীয় সড়ক কর্তৃপক্ষ সহ পেট্রাপোল থানার পুলিশ উপস্থিত ছিল। প্রথম দিন নির্বিঘ্নে গাছ কাটা হয়েছে। 

    যশোর রোডের দু’ধারের প্রকাণ্ড গাছের সারি হল বনগাঁর ঐতিহ্য। তবে এরজন্য বনগাঁ শহরের যশোর রোড অপ্রশস্ত। যানজটের সমস্যা বাড়ছে। আন্তর্জাতিক বাণিজ্যের কথা ভেবে পেট্রাপোল থেকে জয়ন্তীপুর পর্যন্ত যশোর রোড সম্প্রসারিত হয়েছে। কিন্তু যশোর রোডে কাজ বন্ধ ছিল। গাইঘাটা থেকে পেট্রাপোল পর্যন্ত যশোর রোডের ধারের এমন বহু গাছ রয়েছে যার ডাল বিপজ্জনকভাবে যশোর রোডের উপর দিয়ে আড়াআড়ি ভাবে গিয়েছে। এই গাছগুলি হয়ে উঠেছিল বিপদের আরেক নাম। কারণ, গাছ চাপা পড়ে চারজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে গত কয়েকবছরে। সম্প্রতি বনগাঁর এক বাসিন্দা মারা যান। এরপর যশোর রোডে মৃত গাছ ও বিপজ্জনক গাছের ডাল কাটার প্রতিশ্রুতি দেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সেই মতো সোমবার থেকে গাছ কাটা শুরু হল। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, আংশিক ও সম্পূর্ণ মিলিয়ে ৫০০টি গাছ কাটা হবে পেট্রাপোল থেকে হাবড়া পর্যন্ত। দুটি পর্যায়ে গাছ কাটা হবে। প্রথম পর্যায়ে মৃত গাছ এবং বিপজ্জনক গাছের ডাল মিলিয়ে ১১১টি গাছ কাটার জন্য টেন্ডার শেষ হতেই এদিন পেট্রাপোল থানার খলিতপুর এলাকা থেকে কাজ শুরু হল। গোটা প্রক্রিয়া মনিটরিং করছেন জেলার ডিভিশনাল ফরেস্ট অফিসার কমল সরকার, এডিএফও আশিস মণ্ডল। আগামী এক মাসের মধ্যে প্রথম দফার কাজ শেষ হবে। প্রকৃতি প্রেমী অর্পিতা সাহা বলেন, মানুষের নিরাপদে যাতায়াতের স্বার্থে মৃত গাছ ও বিপজ্জনক গাছের ডাল কাটার দাবি আমরাও করেছিলাম। যতগুলি গাছ কাটা হবে, তার বিকল্প গাছ যেন বসানো হয়।  নিজস্ব চিত্র 
  • Link to this news (বর্তমান)