নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: একদিনে তিন জায়গায় শ্লীলতাহানির শিকার তিন নাবালিকা। রবিবার নরেন্দ্রপুর থানার বিভিন্ন এলাকায় ঘটেছে ঘটনাগুলি। তিনটি ঘটনাতেই পকসো আইনে মামলা রুজু হয়েছে। গড়িয়া পাঁচপোতায় ১২ বছরের নাবালিকা দোকান থেকে চিপস কিনে বাড়ি ফিরছিল। অভিযোগ, তখন এলাকার এক বৃদ্ধ তাকে জড়িয়ে ধরে চুমু খান। বিষয়টি বাড়িতে জানায় সে। নাবালিকার বাবা-মা নরেন্দ্রপুর থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত প্রণব দাশগুপ্তকে গ্রেপ্তার করে। পাশাপাশি, নরেন্দ্রপুরের কুসুম্বা এলাকায় এক মদ্যপ ব্যক্তি তাঁর পাশের বাড়ির নাবালিকাকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে নাবালিকাকে অন্ধকারে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। প্রতিবেশী দেখতে পেয়ে সবাইকে ডেকে আনেন। ছুটে আসে নাবালিকার বাবা-মাও। তাঁরা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ রিন্টু সিং নামে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তৃতীয় ঘটনাটি লস্করপুরের। নাবালিকা পাড়ার দোকানে গিয়েছিল। অভিযোগ, তখন এক বৃদ্ধ তার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। চিৎকার শুরু করেন নাবালিকা। থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা-মা।