নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃষ্টির জেরে ফুল চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। ফুলের কুঁড়িতে জল ঢুকে নষ্ট হচ্ছে পাপড়ি। উৎপাদন কমেছে। এর জেরে খুচরো বাজারে ফুলের দাম লাগামছাড়া বলে অভিযোগ। কুচো ফুলের দাম ১৫ দিন ধরে হু হু করে বাড়ছে। কিছুদিন আগে পর্যন্ত গাঁদা, দোপাটি, বেলপাতা, তুলসি, দুর্বা ইত্যাদি কুচো ফুল মিলত ১০ টাকায়। গত কয়েকদিনে তা একলাফে বেড়ে হয়েছে ৩০ টাকা। জগন্নাথঘাট ফুলবাজার সূত্রে জানা গিয়েছে, কুচো ফুলের দোপাটি, গাঁদা আসে পূর্ব মেদিনীপুর, নদীয়া, উত্তর ২৪ পরগনা, হাওড়া ইত্যাদি জেলা থেকে। ভরা শ্রাবণে ফুল চাষের ক্ষতি হচ্ছে। যতটুকু উৎপাদন হচ্ছে তা পর্যাপ্ত নয় বলে বাড়ছে দাম। সোমবার ফুল চাষি ও ফুল ব্যবসায়ীরা বলেন, দাম আগুন ছুঁয়েছে। ব্যবসায়ীদের বসার পরিকাঠামো না থাকার কারণেও ব্যবসার ক্ষতি হচ্ছে ।