নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: একে জমা জলের সমস্যা। তার উপর তৈরি হয়েছে ছোটো-বড়ো গর্ত। হলদিরামের কাছে ভিআইপি রোডের বেহাল দশার ফলে দুর্ভোগের শিকার হতে হচ্ছিল সাধারণ মানুষকে। রাস্তাটি বিপজ্জনক অবস্থায় ছিল। সেই সঙ্গে গর্ত তৈরি হওয়ায় গাড়ি ধীরগতিতে চলছিল। দেখা দিচ্ছিল যানজট। অবশেষে গর্ত মেরামত করল পূর্তদপ্তর। বর্ষাকাল বলে দ্রুত মেরামত করতে ক্ষতিগ্রস্ত অংশে কংক্রিটের ব্লক বসানো হয়েছে। আপাতত অস্থায়ীভাবে ভরাট করা হয়েছে। বর্ষার পর পূর্ণ সংস্কার হবে বলে জানা গিয়েছে। মেরামতের কাজ হওয়ায় গাড়ির গতি বেড়েছে। মিটেছে যানজট সমস্যা।
কলকাতা থেকে এয়ারপোর্ট যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হল ভিআইপি রোড। প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে এই রাস্তা দিয়ে। শুধু এয়ারপোর্টে যাওয়াআসা নয়, এই রাস্তা শহরতলির সঙ্গে মহানগরের যোগাযোগেরও অন্যতম মাধ্যম। হলদিরামের কাছে এখন মেট্রো প্রকল্পের কাজ চলছে। হলদিরাম ক্রসিং এলাকায় সার্ভিস রোডের দু’ধারে জলযন্ত্রণা বহুদিনের সমস্যা। অল্প বৃষ্টি হলেই কোমর সমান জল জমে বলে অভিযোগ। নির্মীয়মাণ মেট্রো স্টেশনের নীচে বর্ষার সময় হলদিরাম এলাকায় এয়ারপোর্টগামী লেনের একটি বড়ো অংশে একাধিক গর্ত তৈরি হয়েছিল। ট্রাফিক গার্ড অফিসের অদূরে উল্টোডাঙাগামী লেনেও তৈরি হয়েছিল গর্ত। বৃষ্টির সময় তাতে জল জমে যাচ্ছিল। ফলে বিপজ্জনক হয়ে উঠেছিল রাস্তা। গাড়ির গতি কম হয়ে যাওয়ায় অফিস টাইমে প্রতিদিনই ট্রাফিকের উপর চাপ পড়ত। তৈরি হত যানজট।
এরপর ভিআইপি রোডের ক্ষতিগ্রস্ত এলাকা সার্ভে করে প্রশাসন। সম্প্রতি পূর্তদপ্তর কংক্রিট ব্লক বসিয়ে সংস্কারের কাজ করে। প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য, বর্ষার সময় বিটুমিন প্যাচওয়ার্কের পরিবর্তে কংক্রিটের ব্লক ব্যবহার কার্যকরী। ভারী বৃষ্টিতেও তা টেকসই হয়। বিটুমিনের প্যাচওয়ার্ক বৃষ্টিতে দ্রুত উঠে যায়। তাছাড়া বিটুমিনের কাজ করতে দীর্ঘ সময় ধরে রাস্তা বন্ধ রাখতে হয়। অন্যদিকে ব্লক বসানো যায় তাড়াতাড়ি। এর ফলে দ্রুত কাজ করা সম্ভব হয়েছে। পুজোর আগে পূর্ণ সংস্কার হবে। নিজস্ব চিত্র