নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার সারাদিন বন্ধ থাকার পর সোমবার অটো চালু হয়েছে বাঘাযতীন-রানিকুঠি রুটে। তবে অটোচালকদের ক্ষোভ মেটেনি। দক্ষিণ শহরতলির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অটো রুট ওইদিন বন্ধ থাকার ফলে নিত্যযাত্রীদের বেশি ভাড়া দিয়ে রিকশয় যাতায়াত করতে হয়েছিল। রবিবার সকালে টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর অনুমতিপত্র নিয়ে এক চালক অটো চালাতে এলে ঝামেলার সূত্রপাত হয়। অটোচালকরা প্রতিবাদ জানালে বিজেপির বাইক বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। তারপর থেকেই ওই রুটের অটো রবিবার সারাদিন বন্ধ ছিল। ঘটনাস্থলে যান বাম শ্রমিক সংগঠনের নেতারা। সোমবার সকালেই এই অটো রুট ফের চালু হয়েছে। এ বিষয়ে অভিযোগ জানাতে রবিবার রাতে গল্ফগ্রিন থানায় গিয়েছিলেন সিটুর কলকাতা জেলার নেতারা। তাঁদের অভিযোগ, পুলিশ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। সিটু নেতা গৌর দাস বলেন, ‘পুলিশ ওই চিঠিকে মান্যতা দিচ্ছে। পারমিট নেই, সেটা দেখছে না। বলছে, মানবিকতার খাতিরে দেখতে। কিন্তু পারমিটবিহীন অটো চালানো তো বেআইনি।’